ফুটবল

লেস্টারের সঙ্গে ২১ বছরের সম্পর্কের ইতি টেনে শেফিল্ডে হামজা

লেস্টারের সঙ্গে ২১ বছরের সম্পর্কের ইতি টেনে শেফিল্ডে হামজা
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ইংলিশ ক্লাব লেস্টার সিটির সঙ্গে ২১ বছরের সম্পর্কের ইতি টানলেন হামজা দেওয়ান চৌধুরী। ক্লাবটির মূল দলে খেলেছেন ৯ বছর। চলতি গ্রীষ্ম দলবদল বন্ধের আগেরদিন শৈশবের ক্লাব ছেড়ে শেফিল্ড ইউনাইটেডে যোগ দিলেন তিনি। প্রাথমিকভাবে এক বছরের চুক্তিতে ইংল্যান্ডের তৃতীয় স্তরের ক্লাব থেকে দ্বিতীয় স্তরের ক্লাবে গেলেন হামজা।

গত মৌসুমে চ্যাম্পিয়নশিপ থেকে লেস্টারের অবনমন হলে বাংলাদেশ দলের এই তারকা দলবদলের আলোচনা সামনে আনেন। শেফিল্ড বর্তমানে চ্যাম্পিয়নশিপে লড়াই করছে। ক্লাবটি সামাজিক যোগাযোগ মাধ্যমে হামজাকে স্বাগত জানিয়ে লিখেছে, ‘হামজা চৌধুরী আবার ব্লেডসদের হয়েছেন। এ বাংলাদেশি আন্তর্জাতিক খেলোয়াড় অপ্রকাশিত দলবদল ফিতে লেস্টার সিটি থেকে একবছরের প্রাথমিক চুক্তিতে যোগ দিয়েছেন।’ যদিও দলবদল ভিত্তিক জনপ্রিয় গণমাধ্যম ট্রান্সফার মার্কেট বলছে হামজার বাজারমূল্য ৪ মিলিয়ন পাউন্ড।

লেস্টারের একাডেমি থেকে সরাসরি ক্লাবের মূল স্কোয়াডে হামজার যাত্রা ছিল দীর্ঘপথ। প্রথম বাংলাদেশি হিসেবে লেস্টারের হয়ে এফএ কাপ এবং চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছেন তিনি। তাকে বিদায় দেয়া ক্লাবটির জন্য বেশ আবেগের। সামাজিক যোগাযোগ মাধ্যমে লেস্টার লিখেছে, ‘একাডেমি থেকে উঠে আসা হামজা চৌধুরী আমাদের সাথে ২১ বছরের সম্পর্কের ইতি টেনেছেন এবং লিগের অনুমোদন সাপেক্ষে শেফিল্ড ইউনাইটেডে স্থায়ী চুক্তিতে যোগ দিয়েছেন।’

‘হামজা সাত বছর বয়সে আমাদের সাথে যোগ দেন এবং পরে আমাদের প্রথম দলের প্রতিনিধিত্ব করেন। দুই দশকেরও বেশি সময় ধরে লেস্টার সিটির সাথে যুক্ত থেকে তিনি এফএ কাপ এবং চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছেন। ধন্যবাদ, হামজা, এবং ভবিষ্যতের জন্য শুভ কামনা।’

শেফিল্ডে যোগ দিয়ে হামজা বলেছেন, ‘আমি খুব উচ্ছ্বসিত। শেষবার যখন এখানে (ধারে) ছিলাম, সত্যিই আমার সময় উপভোগ করেছি। তাই কাজটি শেষ (চুক্তি সম্পন্ন) করতে পেরে সত্যিই খুব খুশি। ওয়াটফোর্ডে অল্প সময়ের জন্য কোচের সাথে কাজ করেছিলাম এবং তারপর আমরা সবসময় যোগাযোগ রেখেছি। সত্যিই তার অধীনে খেলতে পছন্দ করি।’

‘এটি আমার জন্য একটি বড় পরিবর্তন। ২০ বছর ধরে লেস্টারে রয়েছি, তাই এটি আমার এবং পরিবারের জন্য একটি পরিবর্তন। কিন্তু সত্যিই অপেক্ষা করছি এবং আশা করি আমরা এখানে একটি বড় মৌসুম কাটাবো। আমি সবার সাথে যোগাযোগ রাখতাম। যখন এখানে ছিলাম, আমাদের একটি ভালো গ্রুপ ছিল, তাই সবাই গত বছর থেকে ১৪ মাস ধরে যোগাযোগে ছিলাম। কিছু পরিচিত মুখ দেখে ভালো লাগছে।’

হামজা ২০২৫ সালের ২৭ জানুয়ারি লেস্টার থেকে চ্যাম্পিয়নশিপের ক্লাব শেফিল্ডে ধারে যোগ দিয়েছিলেন এবং ২০২৪-২৫ মৌসুমের শেষপর্যন্ত সেখানে খেলেছেন। তখন শেফিল্ড ইউনাইটেডের হয়ে মোট ১৬ ম্যাচে মাঠে নেমেছিলেন। শেফিল্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে হামজার বাংলাদেশি ঐতিহ্যকে সম্মান জানিয়ে ‘বাংলাদেশি ব্লেড’ হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে।

রাইট-ব্যাক ফেমি সেরিকির চোটের পর হামজার জন্য পদক্ষেপ নিয়েছে দ্য ব্লেডস দল। যদিও আরেক ইংলিশ ক্লাব ডার্বি কাউন্টির সাথে অনেকদূর কথা এগিয়ছিল লেস্টার সিটির। বেশ আলোচনা ছিল চুক্তি নিয়ে। সেটা ঘুরে গেল এবং শেফিল্ডে যোগ দিলেন হামজা।

বিষয়:ইংল্যান্ডচ্যাম্পিয়নশিপলিড স্পোর্টসলেস্টার সিটিশেফিল্ড ইউনাইটেডহামজা চৌধুরী
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…