ভূগর্ভস্থ পানি ধীরে ধীরে নিচে যেতে যেতে চলে যেতে পারে একবারে মাটির গভীরে। এমনকি, পৃথিবীর একদম কেন্দ্রের কাছে পৌঁছে যেতে পারে পানি। আর এমনটা হলে বদলে যেতে পারে ভূমিকম্পের গতিবিধি।
‘নেচার জিওসায়েন্স’ জার্নালে প্রকাশিত গবেষণাপত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, ভূগর্ভস্থ পানি চুঁইয়ে চুঁইয়ে পৃথিবীর একদম কেন্দ্রের কাছে পৌঁছে গিয়ে কেন্দ্রের বাইরের অংশের গঠনের উল্লেখযোগ্য পরিবর্তন ঘটাতে পারে। ফলে পরিবর্তন হতে পারে ভূমিকম্পের গতিবিধি।
পরীক্ষানিরীক্ষার মাধ্যমে গবেষকরা আবিষ্কার করেছেন, ভূগর্ভস্থ পানি পৃথিবীর কেন্দ্রে পৌঁছালে সেখানে থাকা তরল লাভার সাথে তা বিক্রিয়া করে হাইড্রোজেন সমৃদ্ধ সিলিকনের স্তর তৈরি করবে। বিজ্ঞানীরা মনে করছেন, এই পরিবর্তনের কারণে কেন্দ্রের তরল ধাতব স্তরের ঘনত্ব কমে যেতে পারে। ফলে ভূমিকম্পের গতিপ্রকৃতিতেও পরিবর্তন আসতে পারে।
বিজ্ঞানীদের দাবি, তাদের গবেষণা পৃথিবীর কেন্দ্রের গঠন সম্পর্কে মানুষের ধারণা বৃদ্ধি করবে। পাশাপাশি গ্রহের ভূগর্ভস্থ পানি এবং মাটির নীচের রাসায়নিক বিক্রিয়া সম্পর্কেও গবেষকদের নতুন ধারণা প্রদান করবে।







