ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১১

ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর ধ্বংসস্তূপের সামনে দুই শিশু।. Channel i News – চ্যানেল আই নিউজ
যুক্তরাষ্ট্র ও জার্মানির পক্ষ থেকে ইউক্রেনকে ট্যাংক দেওয়ার ঘোষণার একদিন পর গতকাল বৃহস্পতিবার ইউক্রেনে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও ১১ জন।
শুক্রবার বিবিসির প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
ইউক্রেনের রাজধানী কিয়েভসহ দেশটির বিভিন্ন শহরে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশবাহিনী। এতে অন্তত ৩৫টি গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্থ হয়েছে। আবাসিক এলাকাগুলোর মধ্যে রাজধানী কিয়েভে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। এছাড়াও ওদেসায় দুইটি বিদ্যুৎ অবকাঠামোর ওপর হামলা হয়েছে।
যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্রদের কাছে দীর্ঘদিন ধরে অত্যাধুনিক ট্যাংক চেয়ে আসছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কয়েক সপ্তাহের আলোচনা শেষে বুধবার জার্মানি জানায়, তারা ইউক্রেনকে ১৪টি লেপার্ড-২ ট্যাংক দেবে। একই দিন যুক্তরাষ্ট্র দেশটিকে ৩১টি আব্রামস ট্যাংক দেবে বলেও জানিয়েছে। এর পরপরই ইউক্রেনজুড়ে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া।
এ এক দিনের হামলায় কিয়েভ ও বাখমুতসহ ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়া আকাশ এবং সমুদ্র ভিত্তিক মোট ৫৫টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। এর মধ্য ৪৭টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করার দাবি করেছে তারা।






