টি-টুয়েন্টি বিশ্বকাপের নবম আসরে জায়গা পায়নি জিম্বাবুয়ে। তাদের পেছনে ফেলে আসরে জায়গা করে নিয়েছে উগান্ডা ও নামিবিয়া। আইসিসির যেকোনো ফরম্যাটের বিশ্বকাপে এবারই প্রথম অংশ নিচ্ছে উগান্ডা। বিশ্বকাপ সামনে রেখে ৪৩ বর্ষী অলরাউন্ডার ফ্রাঙ্ক নসুবুগাকে নিয়ে দল দিয়েছে আফ্রিকার দেশটি।
যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে হতে চলা বিশ্বকাপের জন্য সোমবার ১৫ সদস্যের দল দিয়েছে উগান্ডা। অধিনায়কত্ব করবেন ব্রায়ান মাসাবা এবং ডেপুটির দায়িত্বে থাকবেন পাকিস্তানি বংশোদ্ভূত রিয়াজত আলি শাহ।
বিশ্বকাপে গ্রুপ সি’তে রয়েছে উগান্ডা। প্রতিপক্ষ পাচ্ছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি ও আফগানিস্তানকে।
অফস্পিনার নসুবুগা টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হতে চলেছেন। তার পেছনে পড়তে চলেছেন ওমানের মোহাম্মদ নাদিম ও নাসিম খুশি, দুজনেরই বয়স ৪১।
উগান্ডা বিশ্বকাপ দল: ব্রায়ান মাসাবা (ক্যাপ্টেন), রিয়াজত আলি শাহ (ভিসি), কেনেথ ওয়াইসওয়া, দিনেশ নাকরানি, ফ্রাঙ্ক নসুবুগা, রনক প্যাটেল, রজার মুকাসা, কসমাস কিয়েউতা, বিলাল হাসুন, ফ্রেড আচেলাম, রবিনসন ওবুয়া, সাইমন সেসাজি, হেনরি সেনিওন্ডো, জুম্মা ও আলপেশ মিয়াজি।
রিজার্ভ: রোনাল্ড লুতায়া এবং ইনোসেন্ট এমওয়েবাজ।







