৪৬-এ থেমে গেল অ্যানিমেশন জগতের পরিচিত কণ্ঠ

অ্যানিমেশনের জগতে একের পর এক জনপ্রিয় চরিত্রকে কণ্ঠ দিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন এরিক বাউজা। মাত্র ৪৬ বছর বয়সে তার আকস্মিক প্রয়াণের খবরে শোকের ছায়া বিনোদন দুনিয়ায়।
রবিবার (২৫ অক্টোবর) সমাজমাধ্যমে পরিবারের তরফে তার মৃত্যু সংবাদ প্রকাশ্যে আনা হয়। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে, তা এখনও জানানো হয়নি।
এরিকের পরিবারের পক্ষ থেকে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে তাকে এমি-জয়ী কণ্ঠশিল্পী হিসেবে উল্লেখ করার পাশাপাশি লুনি টিউনসের একাধিক কালজয়ী কার্টুন চরিত্রের সঙ্গে তার অবিচ্ছেদ্য সম্পর্কের কথা তুলে ধরা হয়েছে।
বাগস বানি ও ড্যাফি ডাকের মতো জনপ্রিয় চরিত্রকে নতুন প্রজন্মের কাছে পরিচিত করে তোলার ক্ষেত্রে তার অবদান ছিল উল্লেখযোগ্য। মৃত্যুর বিষয়ে আরও তথ্য পরে জানানো হবে বলেও বিবৃতিতে ইঙ্গিত দেওয়া হয়েছে।
১৯৭৯ সালের ৭ ডিসেম্বর জন্ম এরিকের। অ্যানিমেশন জগতে তার পেশাগত যাত্রা শুরু হয়েছিল বিভিন্ন চরিত্রে কণ্ঠ দেওয়ার মাধ্যমে। ‘রেন অ্যান্ড স্টিমপি অ্যাডাল্ট পার্টি কার্টুন’-এ স্টিমপি চরিত্রে কণ্ঠ দিয়ে প্রথম বড়সড় পরিচিতি পান তিনি। এই ভূমিকায় আগে বিলি ওয়েস্টের কাজের পর এরিক দায়িত্ব সামলেছিলেন। পরবর্তী সময়ে সেই অভিজ্ঞতাই তাঁর দীর্ঘ কর্মজীবনের ভিত গড়ে দেয়।
২০২০ সালে লুনি টিউনসের আনুষ্ঠানিক কণ্ঠশিল্পী হিসেবে যুক্ত হন এরিক। বাগস বানি, ড্যাফি ডাক, পোর্কি পিগ, টুইটি, মারভিন দ্য মার্শিয়ান এবং উডি উডপেকারের মতো চরিত্রে তার কণ্ঠ শোনা গেছে। বাগস বানির চরিত্রে জেফ বার্গম্যানের সঙ্গেও কাজ ভাগ করে নিয়েছিলেন তিনি। ‘দ্য অ্যাডভেঞ্চার্স অব পুস ইন বুটস’ এবং ‘মাপেট বেবিজ’-এর মতো জনপ্রিয় প্রযোজনাতেও কণ্ঠ দিয়েছেন এই শিল্পী।
কাজের স্বীকৃতি হিসেবে একাধিক পুরস্কার পেয়েছেন এরিক। ২০২২ সালে ‘লুনি টিউনস কার্টুনস’-এর জন্য অ্যানিমেটেড অনুষ্ঠানে অসাধারণ কণ্ঠাভিনয়ের বিভাগে প্রথম চিলড্রেনস অ্যান্ড ফ্যামিলি এমি পুরস্কার জেতেন তিনি। ২০২৩ সালে ‘বাগস বানি বিল্ডার্স’ এবং ২০২৫ সালে ‘টিন টাইটানস গো!’-এর জন্যও সম্মানিত হন। বিভিন্ন চলচ্চিত্র, টেলিভিশন অনুষ্ঠান, ভিডিও গেম ও স্বল্পদৈর্ঘ্যের কাজ মিলিয়ে তার কণ্ঠাভিনয়ের সংখ্যা ৯৩৫টি, যা ছড়িয়ে রয়েছে ২৪৯টি প্রযোজনায়।



