ময়মনসিংহের ত্রিশালে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে ছাদ থেকে নিচে পড়ে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছে।
বুধবার (২৯ জুলাই) বিকালে পৌরসভার দাইপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার রতনের ছেলে জিসান (১৮) ও ত্রিশাল উপজেলার বিরামপুর ভাটিপাড়া এলাকার মৃত ইব্রাহিমের ছেলে সিরাজুল ইসলাম (২২)।
প্রত্যক্ষদর্শীর বরাতে ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আহমেদ জানান, ভবনের ছাদে রডের কাজ শেষ হওয়ার পর একজন শ্রমিক সিঁড়ি ব্যবহার না করে ছাদের পাশ দিয়ে রড নামানোর চেষ্টা করেন। এ সময় লম্বা রডটি ভবনের পাশ দিয়ে থাকা বিদ্যুতের লাইনের সংস্পর্শে চলে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদে থাকা দুই শ্রমিক নিচে পড়ে গুরুতর আহত হন। পরে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মর্গে পাঠানো হবে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।






