আগামী বছরের হজকে সামনে রেখে ২০২৭ সালের জন্য সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। সরকারি ব্যবস্থাপনার সাধারণ হজ প্যাকেজ-১’র খরচ নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা, হজ প্যাকেজ-২ (সাশ্রয়ী)’র খরচ ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা এবং বেসরকারি ব্যবস্থাপনার সাধারণ হজ প্যাকেজের মূল্য ধরা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা।
মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির অনুমোদনক্রমে ২০২৭ সালের এসব হজ প্যাকেজ ঘোষণা করেন।
ধর্মমন্ত্রী জানান, সরকারি ব্যবস্থাপনার দুটি প্যাকেজে হজযাত্রীদের আবাসন, খাবার, পরিবহন এবং মিনা-আরাফাত-মুজদালিফায় প্রয়োজনীয় সেবার ক্ষেত্রে কিছু পার্থক্য রাখা হয়েছে। হজযাত্রীরা নিজেদের সামর্থ্য ও পছন্দ অনুযায়ী প্যাকেজ বেছে নিতে পারবেন।

হজ প্যাকেজ-১
সরকারি হজ প্যাকেজ-১-এর আওতায় হজযাত্রীদের মক্কায় হারাম শরীফের বহিঃচত্বর থেকে ১ হাজার থেকে ১ হাজার ৪০০ মিটারের মধ্যে এবং মদিনায় মারকাজিয়া এলাকায় আবাসনের ব্যবস্থা করা হবে। মিনায় জোন-২-এ তাঁবুর ব্যবস্থা থাকবে। এছাড়া মিনা ও আরাফায় ‘সার্ভিস প্যাকেজ-৩’ ক্যাটাগরির সেবা এবং মোয়াল্লেমের মাধ্যমে খাবার সরবরাহ করা হবে।
এই প্যাকেজে সাধারণত সৌদি আরবে অবস্থানকাল হবে ৩৫ থেকে ৪০ দিন। অতিরিক্ত অর্থ পরিশোধের মাধ্যমে রুম আপগ্রেড এবং শর্ট প্যাকেজ সুবিধাও নেওয়া যাবে। এ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা।
হজ প্যাকেজ-২ (সাশ্রয়ী)
কম ব্যয়ের হজ প্যাকেজ-২ (সাশ্রয়ী)-এ মক্কায় হারাম শরীফের বহিঃচত্বর থেকে ২ থেকে ৩ কিলোমিটারের মধ্যে হোটেলের ব্যবস্থা থাকবে। মদিনায় মারকাজিয়া এলাকার বাইরে, তবে মসজিদে নববী থেকে সর্বোচ্চ ৮০০ মিটারের মধ্যে আবাসন দেওয়া হবে।
এই প্যাকেজে মিনায় জোন-৫-এ তাঁবুর ব্যবস্থা থাকবে। মিনা ও আরাফায় ‘সার্ভিস প্যাকেজ-৩’ ক্যাটাগরির সেবার পাশাপাশি মোয়াল্লেমের মাধ্যমে খাবার সরবরাহ করা হবে।
হোটেলের অবস্থান যদি হারাম শরীফ থেকে দুই কিলোমিটারের বেশি দূরে হয়, তাহলে সৌদি আরব সরকারের বিধান অনুযায়ী সালাওয়াত বাসের ব্যবস্থা থাকবে। এ প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা।
বেসরকারি প্যাকেজ
সরকারি ব্যবস্থাপনার পাশাপাশি বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা। গাইডলাইন অনুযায়ী, নিবন্ধিত হজ এজেন্সিগুলো সরকার নির্ধারিত ন্যূনতম সেবার মান নিশ্চিত করে এ প্যাকেজ পরিচালনা করবে। তবে সরকার নির্ধারিত সেবার মানের নিচে কোনো প্যাকেজ ঘোষণা করা যাবে না। প্রয়োজনে অতিরিক্ত সুবিধা সংযোজন করে পৃথক প্যাকেজ ঘোষণা করতে পারবে এজেন্সিগুলো।
ধর্ম মন্ত্রণালয়ের প্রকাশিত ‘হজ প্যাকেজ ও গাইডলাইন-২০২৭’-এ বলা হয়েছে, হজযাত্রীদের নিবন্ধন, অর্থ পরিশোধ, প্যাকেজ নির্বাচন, বাতিল ও অর্থ ফেরতসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত নির্দেশনা অনুসরণ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধে ব্যর্থ হলে নিবন্ধন বাতিল হতে পারে।
এছাড়া সব হজযাত্রীর জন্য বাধ্যতামূলক প্রশিক্ষণ, স্বাস্থ্য পরীক্ষা, ভিসা প্রক্রিয়া সম্পন্ন করা এবং সৌদি আরবের হজ-সংক্রান্ত বিধি-বিধান মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। হজ এজেন্সিগুলোর দায়িত্ব, আবাসনের মান, খাবার, পরিবহন ও অন্যান্য সেবার বিষয়েও গাইডলাইনে পৃথক নির্দেশনা রয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, হজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও সেবার মান নিশ্চিত করতে সরকার নিবন্ধিত হজ এজেন্সিগুলোর কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করবে। একই সঙ্গে নির্ধারিত নীতিমালা অনুসরণ করে হজ কার্যক্রম পরিচালনা করা হবে।







