নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু

নোয়াখালীতে নির্মাণস্থলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু, দুর্ঘটনার স্থানটি খনন কাজের জন্য খোলা।. Channel i News – চ্যানেল আই নিউজ
নোয়াখালীর সেনবাগ উপজেলায় দোকান নির্মাণের জন্য পিলার পাইলিংয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই জন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
৪ জুন রোববার সন্ধ্যা সোয়া ৬টার দিকে নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের চিলাদি উত্তর পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো.রিপন (৩৬) উপজেলার চিলাদি গ্রামের উদানিয়া বাড়ির মৃত আব্দুর রশিদের ছেলে ও মো. নাছির উদ্দিন (২৮) পাঁচতুপা গ্রামের মিয়াজী বাড়ির মৃত আবু বকরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যার দিকে উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের চিলাদি উত্তর পাড়ায় আবু সওদাগরের বাড়ির সামনে আবুল খায়ের নামে এক ব্যক্তির দোকান নির্মাণের জন্য পিলার পাইলিংয়ের কাজ করছিলেন শ্রমিকরা।
সেসময় লম্বা একটি লোহার রড ঘুরিয়ে পিলারে বসাচ্ছিলেন রাজমিস্ত্রী রিপন ও নাছির। তখন ওপরে থাকা একটি বৈদ্যুতিক তারের সঙ্গে রডটি লেগে যায়। এতে দুজনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটায়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে। কোন অভিযোগ না থাকায় মরদেহ ময়না তদন্ত ছাড়া নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।






