এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় বিলের পানিতে ডুবে দুইজন শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় উপজেলার বেরুলিয়া গ্রামের উত্তরপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলো উত্তরপাড়া এলাকার মো. আজিজুল হকের মেয়ে তানজিনা (৭) এবং একই এলাকার মো. মাসিদুল ইসলামের মেয়ে মারিয়া খাতুন (৭)। তারা সম্পর্কে চাচাতো বোন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে বাড়ির পাশে খেলাধুলা করছিল দুই শিশু। কিছু সময় পর তাদের খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে অনুসন্ধান শুরু করেন। একপর্যায়ে সন্ধ্যার দিকে বাড়ির পূর্ব পাশে কচুয়া বিলের পানিতে তাদের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান জানান, এই ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। এ কারণে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

