বরিশাল-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। এছাড়া অন্তত ২০ জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বরিশালের বাবুগঞ্জ উপজেলার নতুনহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বরগুনার পাথরঘাটা থেকে ঢাকাগামী ইসলাম পরিবহনের একটি বাস বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু (দোয়ারিকা সেতু) অতিক্রম করার পর নতুনহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা লাবিবা পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে ইসলাম পরিবহনের চালক কবির (৪০) গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর দুটি বাস মহাসড়কে আটকে পড়ায় কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা প্রায় আধাঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন, ফলে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।







