দুর্নীতির অভিযোগে তুরস্কের রেফারি প্রধানসহ আরও ৬ গ্রেপ্তার

দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তুরস্কের রেফারি সংস্থার সভাপতি ফেরহাত গুনদোগদুকে। দুর্নীতি সংক্রান্ত পুলিশি তদন্তের অংশ হিসেবে তাকে ছাড়া আরও ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রেফারি প্রধানের সঙ্গে গ্রেপ্তার হওয়া একজন হলেন সংস্থাটির সহ-সভাপতি। তুরস্কের আইনমন্ত্রী আকিন গুরলেক বলেছেন, ‘এই তদন্তে রেফারিদের শ্রেণিবিভাগ, দায়িত্ব বণ্টন, স্কোরিং ও নিয়োগ প্রক্রিয়া এবং নিয়মকানুন পর্যালোচনার ক্ষেত্রে হস্তক্ষেপ সংক্রান্ত অভিযোগগুলোর উপর আলোকপাত করা হয়েছে। পুলিশ বাড়ি, কর্মস্থল ও অফিসগুলোতে তল্লাশি চালিয়েছে।’
‘আমরা স্বচ্ছ ফুটবলের জন্য লড়াই দৃঢ়ভাবে চালিয়ে যাব। যাতে তুর্কি ফুটবলের প্রতি আস্থা ক্ষুণ্ণকারী অভিযোগগুলো প্রকাশ্যে আসে, দায়ীদের আইনের আওতায় আনা হয় এবং ফুটবল মাঠের প্রচেষ্টা, প্রতিযোগিতা ও ক্রীড়াসুলভ মনোভাবের সঙ্গে যুক্ত থাকে।’
২০২৫ সালের নভেম্বরে দেশটির ফুটবল ফেডারেশন ১৪৯ জন রেফারি ও সহকারী রেফারিকে বরখাস্ত করে। সেসময় তদন্তে দেখা যায়, শত শত পেশাদার ম্যাচ কর্মকর্তার বেটিং অ্যাকাউন্ট ছিল। ব্যাপক কেলেঙ্কারিতে ১৪ জন ফুটবলারসহ ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। গুরলেক গত বছরের জুয়া কেলেঙ্কারির সঙ্গে বর্তমান তদন্তের কোন যোগসূত্র দেননি।






