মাঠ ছেড়ে যাওয়া এমবাপের সবশেষ পরিস্থিতি জানার অপেক্ষায় ফ্রান্স-রিয়াল

উয়েফা নেশনস লিগে শুক্রবার রাতে তুরস্কের মাঠে ১-০ গোলে জিতেছে ফ্রান্স। বিশ্বকাপের মতোই সেরা পারফরম্যান্স ধরে রেখেছে ফরাসিরা। একই গতিতে ছুটছেন কাইলিয়ান এমবাপেও। ম্যাচে গোলের পর চোটে পড়েছেন তিনি, মাঠও ছাড়তে হয়েছে।
ইস্তাম্বুল থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত কোজাইলি স্টেডিয়ামে জিনেদিন জিদানের অধীনে প্রথম ম্যাচ খেলতে নেমেছিল ফ্রান্স। ৫৪ মিনিটে মাইকেল ওলিসের বাড়ানো বল রিয়াল মাদ্রিদ তারকা নিয়ন্ত্রণে নিয়ে গোলে করে লিড এনে দেন ফরাসিদের। একমাত্র গোলেই জেতে তারা। গোলটির পর চোটে পড়েন বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা।
গোল উদযাপনের জন্য সতীর্থরা এমবাপের দিকে এগিয়ে আসেন যখন, তাকে ব্যথায় কাতরাতে দেখা যায়। দ্রুত চিকিৎসা নেয়ার পর খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করে শেষপর্যন্ত মাটিতে বসে পড়েন তারকা ফরোয়ার্ড। এমবাপেকে দুশ্চিন্তা আক্রান্ত দেখা যায়। বাম হাঁটুর বাইরের অংশে হাত দিয়ে পরীক্ষা করতে দেখা যায়। এরপর মাঠ ছেড়ে যান তিনি। বদলি নামেন ডিজায়ার দুয়ে।
ফ্রান্স এবং রিয়াল মাদ্রিদ উদ্বেগের সাথে এমবাপের চোটের তীব্রতা জানার অপেক্ষায় রয়েছে। ক্লাব পর্ব শুরুর আগে আগামী ১০ দিনে ফরাসিদের আরও ৩টি ম্যাচ রয়েছে। এমবাপেকে সেইসব ম্যাচে পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।







