শিক্ষা

আন্তর্জাতিক মঞ্চে স্বর্ণপদক জিতলেন লক্ষ্মীপুরের জান্নাতুল রাহিমা জেদনী

আন্তর্জাতিক মঞ্চে স্বর্ণপদক জিতলেন লক্ষ্মীপুরের জান্নাতুল রাহিমা জেদনী

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের মেয়ে জান্নাতুল রাহিমা জেদনী আন্তর্জাতিক মঞ্চে স্বর্ণপদক অর্জন করেছেন। অ্যাডভান্স মেরিন ইঞ্জিনিয়ারিং ও রোবটিক্সের সমন্বয়ে তৈরি স্বয়ংক্রিয় ডুবো রোবট- ডেপথগার্ড (Autonomous Underwater Robot- Depthguard) প্রদর্শন করে এ সাফল্য পান তিনি।

জান্নাতুল রাহিমা জেদনী লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের ধন্যপুর গ্রামের বাসিন্দা। তিনি বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের শিক্ষার্থী।

মালয়েশিয়ার সেগি ইউনিভার্সিটিতে ২০ থেকে ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় ‘অষ্টম বিশ্ব উদ্ভাবন প্রতিযোগিতা ও প্রদর্শনী (WICE) ২০২৬’ (8th World Invention Competition and Exhibition (WICE) 2026। প্রতিযোগিতার ‘তথ্যপ্রযুক্তি ও রোবোটিক্স’ (IT & Robotics) ক্যাটাগরিতে অংশ নেয় জেদনী ও তার দল অবসিডিয়ান প্রাইম (Obsidian Prime)।

রোবটিক্স সেগমেন্টে দলটি তাদের তৈরি স্বয়ংক্রিয় ডুবো রোবট- ডেপথগার্ড প্রদর্শন করে। আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রকল্পটি স্বর্ণপদক অর্জন করে।

এই রোবটটি অ্যাডভান্স মেরিন ইঞ্জিনিয়ারিং ও রোবটিক্স প্রযুক্তির সমন্বয়ে তৈরি করা হয়েছে। পানির নিচে স্বয়ংক্রিয়ভাবে কাজ করার সক্ষমতাকে কেন্দ্র করে প্রকল্পটি তৈরি করা হয়েছে বলে জানানো হয়েছে।

জান্নাতুল রাহিমা জেদনী মেসার্স কাজম উদ্দিন মেটাল ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী মো. কাজম উদ্দিনের ছোট মেয়ে।

মেয়ের আন্তর্জাতিক অর্জনে সন্তোষ প্রকাশ করেছেন তার বাবা মো. কাজম উদ্দিন। তিনি বলেন, মেয়ের এই সাফল্যের পেছনে আন্তরিক সহযোগিতা ও দিকনির্দেশনার জন্য পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির প্রতি তিনি কৃতজ্ঞ।

লক্ষ্মীপুরের প্রত্যন্ত এলাকার একজন শিক্ষার্থীর আন্তর্জাতিক পর্যায়ে এমন সাফল্য স্থানীয়ভাবে প্রশংসা কুড়িয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, প্রযুক্তি ও উদ্ভাবনে তরুণদের আগ্রহ বাড়াতে এ ধরনের অর্জন উৎসাহ জোগাবে।

বিষয়:অষ্টম বিশ্ব উদ্ভাবন প্রতিযোগিতা ও প্রদর্শনীআন্তর্জাতিক মঞ্চে স্বর্ণপদকচন্দ্রগঞ্জের মেয়েজান্নাতুল রাহিমা জেদনীস্বয়ংক্রিয় ডুবো রোবট- ডেপথগার্ড
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…