আন্তর্জাতিক

মরক্কোর ইতিহাসে প্রথম ‘নারী প্রধানমন্ত্রী’ ফাতিমা মানসুরি

মরক্কোর ইতিহাসে প্রথম ‘নারী প্রধানমন্ত্রী’ ফাতিমা মানসুরি

ছবি: মরক্কোর নবনিযুক্ত প্রধানমন্ত্রী ফাতিমা ইজ্জাহরা এল মানসৌরি (সংগৃহীত)।

মরক্কোর ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ফাতিমা জাহরা এল মানসুরিকে মনোনীত করেছেন দেশটির বাদশাহ ষষ্ঠ মোহাম্মদ। আরব বিশ্বে এই পদে মনোনীত পাওয়া দ্বিতীয় নারী হলেন তিনি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজপ্রাসাদের এক বিবৃতিতে জানানো হয়, ৫০ বছর বয়সী এল মানসৌরি—যিনি বর্তমানে নগর পরিকল্পনা মন্ত্রী ও মারাকেশের মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন—তাকে নতুন সরকার গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে।

টেলিভিশনে দেওয়া এক ভাষণে এল মানসৌরি তার এই নিয়োগকে ‘সত্যিই ঐতিহাসিক’ বলে অভিহিত করেন।

তিনি বলেন, “আমাদের দেশের ইতিহাসে এই প্রথম কোনো নারী সরকার পরিচালনার দায়িত্ব নিচ্ছেন। এটি কেবল আমার জন্যই নয়, বরং সমস্ত মরক্কান নারীর জন্য গর্বের বিষয়।”

গত সপ্তাহের নির্বাচনের ফলাফল ঘোষণার চার দিনের মাথায় এই নিয়োগের বিষয়টি সামনে এল। নির্বাচনে রাজতন্ত্র-ঘনিষ্ঠ দল ‘অথেন্টিসিটি অ্যান্ড মডার্নিটি পার্টি’ (পিএএম)—যার নেতৃত্বে রয়েছেন এল মানসৌরি—সর্বাধিক ভোট পেয়ে মরক্কোর পার্লামেন্টের নিম্নকক্ষ ‘হাউস অফ রিপ্রেজেন্টেটিভস’-এর ৩৯৫টি আসনের মধ্যে ৯৭টি আসন জয় করেছে।

তবে একক সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ১৯৮টি আসন থেকে পিএএম বেশ পিছিয়ে রয়েছে। তাই সরকার পরিচালনার জন্য তাদের জোট গঠন করতে হবে। প্রধানমন্ত্রী হিসেবে ফাতিমার প্রথম বড় কাজ হবে সেই জোট গঠন।

রাজার বন্ধু ফুয়াদ আলি এল হিম্মা ২০০৮ সালে পিএএম দলটি প্রতিষ্ঠা করেন। দলটি সব দলের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। তবে ‘জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি’ (পিজেডি) এবং ‘ফেডারেশন অফ ডেমোক্রেটিক লেফট’-এর মতো কিছু দল বিরোধী দলে থাকার ঘোষণা দিয়েছে।

নতুন সরকারকে আরও একটি বড় সিদ্ধান্ত নিতে হবে। ২০৩০ সালের ফিফা বিশ্বকাপ সামনে রেখে বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিয়োগ কীভাবে বণ্টন করা হবে, তা নির্ধারণ করবে ক্ষমতাসীন জোট। মরক্কো, পর্তুগাল ও স্পেন যৌথভাবে ওই বিশ্বকাপ আয়োজন করবে।

ফাতিমা মানসুরি আরব বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। এর আগে ২০২১ সালের অক্টোবর থেকে ২০২৩ সালের আগস্ট পর্যন্ত তিউনিসিয়ার প্রধানমন্ত্রী ছিলেন নাজলা বুদেন।

বিষয়:প্রথম নারী প্রধানমন্ত্রীফাতিমা মানসুরিমরক্কো

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…