সূত্র: ডয়েচে ভেলে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া যুদ্ধ বন্ধে চুক্তিতে রাজি থাকলেও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অবস্থানের কারণে সেই চুক্তি বাস্তবায়ন সম্ভব হচ্ছে না।
বুধবার ২৩ এপ্রিল সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোস্যাল-এ দেয়া এক বিবৃতিতে ট্রাম্প বলেন, আমি মনে করি, আমরা রাশিয়ার সঙ্গে একটি যুদ্ধবিরতির চুক্তিতে প্রায় একমত হয়েছি। কিন্তু জেলেনস্কির সঙ্গে সেরকম কোনো অগ্রগতি হয়নি। আমি ভেবেছিলাম, তার সঙ্গে বোঝাপড়া সহজ হবে, কিন্তু বাস্তবে তা কঠিন হয়ে পড়েছে।
ট্রাম্প আরও বলেন, আমি যুদ্ধ বন্ধ করতে চাই। আমি কোনো পক্ষকে বিশেষ সুবিধা দিতে চাই না। মানবিকতা এবং অর্থনৈতিক বিবেচনায় এই যুদ্ধ থামানো দরকার। আমি এ লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেনে চলমান সহিংসতা নিয়ে হতাশ। তিনি চান, মৃত্যুর মিছিল থামুক। তবে এর জন্য উভয় পক্ষের সদিচ্ছা প্রয়োজন। দুর্ভাগ্যজনকভাবে প্রেসিডেন্ট জেলেনস্কি উল্টো পথে হাঁটছেন।
এদিকে যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং ইউক্রেনের কর্মকর্তাদের লন্ডনে বৈঠকের পর এক্স পোস্টে জেলেনস্কি বলেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় দায়বদ্ধ থাকবে বলে আমি বিশ্বাস করি। ইউক্রেন সবসময় নিজের সংবিধান অনুযায়ী চলবে। আমাদের মিত্ররা, বিশেষ করে যুক্তরাষ্ট্র, এ বিষয়টি মাথায় রেখেই সিদ্ধান্ত নেবে।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বলেছেন, শান্তি প্রতিষ্ঠার মার্কিন পরিকল্পনার অংশ হিসেবে ক্রাইমিয়া ও রাশিয়ার দখলে থাকা অন্যান্য অঞ্চল রাশিয়ার অধীনেই থাকবে।







