মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ২ দশমিক ৯ মিলিয়ন ডলারের একটি কম্পিউটার চিপ সংক্রান্ত চুক্তি বাতিলের নির্দেশ দিয়েছেন। তার দাবি, বর্তমান মালিকানা কাঠামোর কারণে এই চুক্তি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা স্বার্থের জন্য হুমকিস্বরূপ।
শনিবার (২ জানুয়ারি) অ্যাসোসিয়েট প্রেসের এক প্রতিবেদনে বলা হয়, নির্বাহী আদেশে এমন একটি ব্যবসায়িক চুক্তির কথা উল্লেখ করা হয়েছে, যা ২০২৪ সালের মে মাসে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সময় ঘোষণা করা হয়েছিল। ওই চুক্তির আওতায় মহাকাশ ও প্রতিরক্ষা খাতে বিশেষজ্ঞ প্রতিষ্ঠান এমকোর কর্পোরেশন তাদের কম্পিউটার চিপ ও ওয়েফার উৎপাদন কার্যক্রম ২ দশমিক ৯২ মিলিয়ন ডলারে হাইফো কর্পোরেশনের কাছে বিক্রি করে। এই মূল্যের মধ্যে প্রায় ১ মিলিয়ন ডলারের দায়বদ্ধতাও অন্তর্ভুক্ত ছিল।
তবে প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি, হাইফোর বর্তমান মালিক গণপ্রজাতন্ত্রী চীনের নাগরিক—এমন “বিশ্বাসযোগ্য প্রমাণ” রয়েছে। এ কারণে নির্বাহী আদেশ অনুযায়ী, আগামী ১৮০ দিনের মধ্যে হাইফোকে এমকোর থেকে অর্জিত ওই প্রযুক্তি থেকে সরে আসতে হবে।
ড. জেনজাও ঝাং ও হ্যারি মুর যৌথভাবে হাইফো কর্পোরেশন প্রতিষ্ঠা করেন। চুক্তি সম্পন্ন হওয়ার পর প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, এমকোর থেকে অর্জিত প্রযুক্তির কার্যক্রম মূলত ক্যালিফোর্নিয়ার আলহামব্রায় কর্মরত একই কর্মী দলের তত্ত্বাবধানে পরিচালিত হবে।
উল্লেখ্য, হাইফোর প্রধান নির্বাহী কর্মকর্তা জেনজাও ঝাং এর আগে এমকোর কর্পোরেশনের ইঞ্জিনিয়ারিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। হাইফোর সিইও হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা সংযুক্ত প্রযুক্তির মাধ্যমে “সবচেয়ে উদ্ভাবনী ও যুগান্তকারী সমাধান অনুসন্ধানের” প্রতিশ্রুতি দিয়েছিলেন।
ট্রাম্পের আদেশ বিষয়ে মন্তব্য জানতে চাইলে হাইফো কর্পোরেশন তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
চুক্তির সময় এমকোর একটি পাবলিকলি ট্রেডেড কোম্পানি ছিল। তবে গত বছর বিনিয়োগ প্রতিষ্ঠান চার্লসব্যাঙ্ক ক্যাপিটাল পার্টনার্স এমকোরকে অধিগ্রহণ করে এটিকে ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানে রূপান্তর করে।








