দুই দিন গাছের মগডালে আটকে থাকা বিড়ালছানা উদ্ধার

ছবি: সংগৃহীত
সিলেটে কদম গাছের মগডালে দুই দিন ধরে আটকে থাকা একটি বিড়ালছানাকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাতে সিলেট সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ডের গোয়াইটুলা এলাকার ৬৪/১ নম্বর বাড়িতে প্রায় এক ঘণ্টার অভিযানে ছানাটিকে অক্ষত অবস্থায় নামিয়ে আনা হয়।
জানা যায়, সাদা-ধূসর রঙের বিড়ালছানাটি বাড়ির পাশের একটি উঁচু কদম গাছে উঠে আর নিচে নামতে পারছিল না। দুই দিন ধরে অভুক্ত ও তৃষ্ণার্ত অবস্থায় গাছের ডালে আটকে ছিল সেটি। ছানাটির ডাক শুনে স্থানীয়রা গাছের নিচে জড়ো হলেও গাছটি অনেক উঁচু হওয়ায় কেউ তাকে উদ্ধার করতে পারেননি।
এ অবস্থায় চ্যানেল আইয়ের সিলেট প্রতিনিধি সাদিকুর রহমান সাকী ফায়ার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করেন। খবর পেয়ে টিম লিডার প্রীতিশ কুমার দাসের নেতৃত্বে উদ্ধারকারী দল প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়।
উদ্ধার অভিযানে গাছটির উচ্চতা, ভঙ্গুর ডালপালা এবং আশপাশের টিনের চাল ও বৈদ্যুতিক তারের কারণে সতর্কতা অবলম্বন করতে হয়। ফায়ার সার্ভিসের বহনযোগ্য অ্যালুমিনিয়াম এক্সটেনশন মই ব্যবহার করে এক উদ্ধারকর্মী গাছের ওপরে ওঠেন। পরে সতর্কতার সঙ্গে বিড়ালছানাটিকে ধরে নিরাপদে নিচে নামিয়ে আনেন তিনি।
বাড়িটির মালিক ও সিলেট সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর জাহানারা খানম মিলন বলেন, দুই দিন ধরে বিড়ালছানাটির ডাক শুনে তারা উদ্বিগ্ন ছিলেন। এত উঁচু গাছ থেকে সেটিকে উদ্ধারের কোনো উপায় পাচ্ছিলেন না। পরে সাংবাদিক সাদিকুর রহমান সাকী ফায়ার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করেন। দ্রুত সাড়া দিয়ে ছানাটিকে অক্ষত উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
উদ্ধারকারী দলের নেতা প্রীতিশ কুমার দাস বলেন, বিপদে পড়া যেকোনো প্রাণীকে রক্ষা করা তাদের নৈতিক দায়িত্ব। বিড়ালছানাটি ঝুঁকিপূর্ণ একটি সরু ডালে আটকে ছিল। সতর্কতার সঙ্গে দীর্ঘ প্রচেষ্টা চালিয়ে সেটিকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে।
একটি বিড়ালছানাকে উদ্ধারে স্থানীয়দের সহযোগিতা ও ফায়ার সার্ভিসের এই উদ্যোগ এলাকায় প্রশংসা কুড়িয়েছে।






