টাঙ্গাইলের ভূঞাপুরে পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি বসতঘরে ঢুকে উল্টে গিয়ে ঘুমন্ত অবস্থায় থাকা একজন নারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত ওই নারীর নাম মোছা. রমেছা বেগম (৫৫)।
আজ ২৪ এপ্রিল বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের টেপিবাড়ী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত রমেছা বেগম ভূঞাপুর পৌরসভার টেপিবাড়ী এলাকার বাসিন্দা এবং আব্দুল কদ্দুসের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজ আদায় শেষে রমেছা বেগম ঘুমিয়ে পড়েন। এসময় তার স্বামী মসজিদে নামাজ পড়তে যান। এই সময়েই জামালপুরগামী একটি পাথরবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি তাদের ঘরের ভিতরে ঢুকে পড়ে এবং ঘুমন্ত রমেছা বেগমকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাৎক্ষণিকভাবে ট্রাকচালককে আটক করে। খবর পেয়ে ভূঞাপুর ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে এবং ট্রাকচালককে হেফাজতে নেয়।
ভূঞাপুর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) অনন্ত দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় একজন নারী নিহত হয়েছেন এবং ট্রাকচালককে স্থানীয়দের সহায়তায় আটক করে থানায় আনা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।






