প্রথম কাজে সম্মানী পেয়েছিলেন ২০০ টাকা!

মঞ্চ অভিনেত্রী, নাট্যনির্দেশক হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন ত্রপা মজুমদার। শত শত বিজ্ঞাপনের ভয়েসওভারও দিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মেধাবী এই অভিনেত্রী প্রথম শ্রেণীতে প্রথম হবার গৌরবও অর্জন করেছিলেন, বর্তমানে একই প্রতিষ্ঠানে অধ্যাপনা করছেন।
পাশাপাশি একটি শীর্ষস্থানীয় বিজ্ঞাপনী সংস্থার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন। তবে এত সব প্রাপ্তি যোগের পরও ত্রপা মজুমদারের আক্ষেপ রয়েছে। এখন পর্যন্ত কোনো চলচ্চিত্রে তার অভিনয় করা হলো না। তিনি বলেন,“বর্তমান সময়ে কী দারুণ সব সিনেমা হচ্ছে। আমি পর্দায় ওসব কাজ দেখি, আর আফসোস করি। জানি না কবে আমি চলচ্চিত্রে অভিনয় করতে পারবো, তবে আমি মুখিয়ে আছি বড় পর্দার অভিজ্ঞতা নেয়ার জন্য।”
সম্প্রতি ত্রপা মজুমদার অতিথি হিসেবে অংশ নিয়েছেন এ সময়ের অন্যতম জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে। শনিবার (৩ অক্টোবর) রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ একযোগে প্রচারিত হবে এই বিশেষ পডকাস্ট। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় এই পডকাস্টে উঠে এসেছে ত্রপা মজুমদারের না বলা অনেক কথা।
বরেণ্য অভিনেতা, নির্মাতা আফজাল হোসেনের আমন্ত্রণেই বিজ্ঞাপনের ভয়েসওভারের কাজ শুরু করেছিলেন তিনি। তানিয়া আহমেদের প্রথম বিজ্ঞাপনের মধ্যে ভয়েসওভার হিসেবে যাত্রা শুরু হয়েছিল ত্রপা মজুমদারের। প্রথম কাজের জন্য সম্মানী বাবদ ২০০ টাকা পেয়েছিলেন তিনি!
ত্রপা মজুমদার পডকাস্টে তার কিংবদন্তী বাবা-মা রামেন্দু মজুমদার ও ফেরদৌসী মজুমদারকে নিয়ে এমন কিছু কথা জানিয়েছেন, যা তিনি আগে কখনো বলেননি। জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।






