শোনা গিয়েছিল পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার বহুল প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার সিনেমা ‘স্পিরিট’ এ একসঙ্গে স্ত্রিন শেয়ার করবেন দক্ষিণী তারকা প্রভাস ও বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। তারই মাঝে সম্প্রতি জল্পনা ওঠে সেই সিনেমা থেকে বাদ পড়ছেন দীপিকা। সেই জল্পনাকেই সত্য করে এবার ছবির নির্মাতারা খুঁজে পেলেন নতুন মুখ।
‘অ্যানিম্যাল’ ও ‘কবির সিং’-এর পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার এই বহুল প্রতীক্ষিত ছবিতে এবার মুখ্য ভূমিকায় দেখা যাবে তৃপ্তি দিমরিকে।শনিবার (২৪ মে) নিজের ইনস্টাগ্রামে ছবির একটি পোস্টার শেয়ার করে ‘স্পিরিট’-এ নিজের উপস্থিতির কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন তৃপ্তি। তিনি লেখেন, ‘এখনও বিশ্বাস হচ্ছে না! এই যাত্রার অংশ হতে পেরে কৃতজ্ঞ। ধন্যবাদ সন্দীপ রেড্ডি ভাঙ্গা, আমি গর্বিত।’
পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গাও সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন তৃপ্তিকে। তিনি লিখেছেন, ‘আমার ছবির প্রধান নারী চরিত্র এখন অফিসিয়ালি ঘোষিত।’
এই প্রথমবার একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন প্রভাস ও তৃপ্তি। তাদের জুটি নিয়ে ইতোমধ্যেই দর্শকমহলে আগ্রহ তুঙ্গে। পাশাপাশি এটি তৃপ্তির দ্বিতীয় কাজ পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবিতে। এর আগে তারা একসঙ্গে কাজ করেছেন সুপারহিট ছবি ‘অ্যানিম্যাল’-এ, যেখানে মুখ্য ভূমিকায় ছিলেন রণবীর কাপুর।
কিছুদিন আগেই প্রকাশ্যে আসে খবর, দীপিকা পাডুকোন ‘স্পিরিট’ থেকে বেরিয়ে গিয়েছেন। সূত্রের খবর, অভিনেত্রীর বেশ কিছু শর্ত যেমন দিনে সর্বোচ্চ আট ঘণ্টা কাজ, মোটা অঙ্কের পারিশ্রমিক এবং ছবির লাভের একটি শতাংশ দাবি। আর এতেই পরিচালকের সঙ্গে মতবিরোধ তৈরি হয়।








