আদালত

মুগ্ধসহ ১১ জনকে হত্যার অভিযোগে ২৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন

মুগ্ধসহ ১১ জনকে হত্যার অভিযোগে ২৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন

জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর উত্তরায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধসহ ১১ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। এ মামলায় ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য হাবিব হাসানসহ ২৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার (১১ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। একই সঙ্গে রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৪ নভেম্বর দিন ধার্য করা হয়েছে।

মামলার ২৬ আসামির মধ্যে আটজন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। বাকি ১৮ জন পলাতক। পলাতক আসামিদের মধ্যে সাবেক সংসদ সদস্য হাবিব হাসান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান, পুলিশের সাবেক কয়েকজন কর্মকর্তা এবং আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রয়েছেন।

রাষ্ট্রপক্ষের অভিযোগ, ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই উত্তরায় ১১ জনকে হত্যা করা হয়। এর মধ্যে ১৮ জুলাই মুগ্ধ ছাড়াও জাহিদুজ্জামান তানভীন, শেখ ফাহমিন জাফর, শাকিল হোসেন, সাব্বির হোসেন ও সজিব সরকারকে গুলি করে হত্যার অভিযোগ রয়েছে।

এ ছাড়া ওই দিন উবারচালক মোখলেসুর রহমান দুর্জয়কে একটি সাঁজোয়া যানবাহনের পেছনের চাকায় পিষ্ট করে হত্যার অভিযোগ আনা হয়েছে।

মামলার অভিযোগের দ্বিতীয় অংশে বলা হয়েছে, ১৯ জুলাই উত্তরায় রিদোয়ান শরীফ, ছাব্বির ইসলাম, আসাদুল্লাহ ও নাঈমা সুলতানাকে গুলি করে হত্যা করা হয়।

অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলাটির আনুষ্ঠানিক বিচার শুরু হলো। আগামী ৪ নভেম্বর রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে বিচারিক কার্যক্রমের পরবর্তী ধাপ শুরু হওয়ার কথা রয়েছে।

বিষয়:আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গুলি করে হত্যা চব্বিশের গণঅভ্যুত্থান মীর মাহফুজুর রহমান মুগ্ধ রাষ্ট্রপক্ষের অভিযোগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…