এআই, সাইবার নিরাপত্তা ও জ্বালানি খাতে বিনিয়োগে জাপানি কোম্পানিকে প্রধানমন্ত্রীর আহ্বান

মারুবেনি কর্পোরেশনের প্রেসিডেন্ট ও সিইও মাসায়ুকি ওমোটোর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি: পিএমও
বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহ দেখিয়েছে জাপানের ব্যবসায়িক প্রতিষ্ঠান মারুবেনি করপোরেশন। সার উৎপাদন, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা ও কৃষি প্রযুক্তিসহ বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনা করেছে প্রতিষ্ঠানটির প্রতিনিধিদল।
রোববার (১১ অক্টোবর) সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মারুবেনি করপোরেশনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসায়ুকি ওমোটোর নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। বৈঠকে প্রতিষ্ঠানটিকে বাংলাদেশে নতুন বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাত স্বাধীন এ তথ্য জানিয়েছেন।
বৈঠকে সার উৎপাদন খাতে মারুবেনির বিদ্যমান বিনিয়োগ সম্প্রসারণ এবং দেশে দ্বিতীয় একটি কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) মতো সার কারখানা স্থাপনের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এ বিষয়ে মারুবেনির পক্ষ থেকে আগ্রহ প্রকাশ করা হয়েছে বলে জানানো হয়।
এ ছাড়া আগামী এক বছরের মধ্যে বাংলাদেশে একটি এআইভিত্তিক ডেটা সেন্টার চালুর পরিকল্পনা নিয়েও আলোচনা হয়। এ প্রকল্পে মারুবেনির বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতার সম্ভাবনা পর্যালোচনা করা হয়েছে।
বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানো, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। মারুবেনি করপোরেশনের সঙ্গে বাংলাদেশের পাটজাত পণ্যের দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক রয়েছে উল্লেখ করে তিনি নতুন নতুন খাতে সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন।
বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের সম্ভাবনা, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং আন্তর্জাতিক সেবাকেন্দ্র হিসেবে দেশের সক্ষমতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়। প্রকৌশল স্নাতকদের তথ্যপ্রযুক্তি ও সাইবার নিরাপত্তায় দক্ষ করে তোলার সরকারি পরিকল্পনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দক্ষ জনশক্তি ও প্রযুক্তিগত সক্ষমতা কাজে লাগিয়ে বাংলাদেশ আন্তর্জাতিক সেবাকেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে।
কৃষি উৎপাদন ও ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি এবং এআইয়ের ব্যবহার বাড়ানোর বিষয়টিও বৈঠকে গুরুত্ব পায়। পাশাপাশি বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) কার্যকর হলে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করা হয়।
বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। মারুবেনির পক্ষে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ-পশ্চিম এশিয়া অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুসুমু ওয়াকামোরি ও বাংলাদেশে প্রতিষ্ঠানটির কান্ট্রি হেড মানাবু সুগাওয়ারা।





