বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ৩ জেলের লাশের সন্ধান

বঙ্গোপসাগরে ট্রলারডুবির পর উদ্ধারকর্মীরা জীবিত ও মৃতের সন্ধানে কাজ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
কক্সবাজারে বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারডুবির ঘটনায় আবু তৈয়ব নামের এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া আরও দু’জনের মৃতদেহ সাগরে ভাসমান অবস্থায় দেখা গেছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার বিকেলে বঙ্গোপসাগরের সোনাদিয়ার কাছাকাছি এলাকায় ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। এছাড়া সদর উপজেলার খুরুশকুল ইউপি’র আশ্রয়ন প্রকল্প এলাকার সাগরে অপর দুইজনের লাশ দেখা গেছে।
পুলিশ জানিয়েছে, শুক্রবার দুপুরে কক্সবাজার উপকূলের নাজিরটেক সংলগ্ন সম্রদ্রে এফবি মায়ের দোয়া নামক একটি ট্রলার ডুবির পর দুই দফায় ১১ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়।
পরে শনিবার বিকেলে তৈয়বের লাশ উদ্ধার করা হয়। অপর দুই লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে।
কক্সবাজারর সদর থানার ওসি (ভারপ্রাপ্ত) সেলিম উদ্দিন এসব তথ্য নিশ্চিত করে বলেছেন, একজনের লাশ উদ্ধার করা হয়েছে। অপর দু’জনের মৃতদেহ তীরে আনার পরই পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।






