কক্সবাজার

বাস্তুচ্যুত জনগোষ্ঠীকে ঘিরে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার তাগিদ

বাস্তুচ্যুত জনগোষ্ঠীকে ঘিরে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার তাগিদ

বাস্তুচ্যুত জনগোষ্ঠীকে ঘিরে সংঘাত-সংবেদনশীল ও দায়িত্বশীল সাংবাদিকতার দক্ষতা বাড়াতে কক্সবাজারে অনুষ্ঠিত পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে।

‘কনফ্লিক্ট সেন্সিটিভ রিপোর্টিং ইন ডিসপ্লেইসেন্ট কনটেক্সট’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করে ডয়েচে ভেলে একাডেমি। গত ৪ অক্টোবর শুরু হওয়া কর্মশালাটি বৃহস্পতিবার শেষ হয়। এতে কক্সবাজারের বিভিন্ন উপজেলা ও জেলার সংবাদমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা অংশ নেন। কর্মশালাটি বাস্তবায়নে সহযোগিতা করে কক্সবাজার প্রেস ক্লাব।

কর্মশালায় কক্সবাজার সদর, রামু, চকরিয়া, পেকুয়া, উখিয়া ও টেকনাফ উপজেলার বিভিন্ন সংবাদমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা অংশগ্রহণ করেন। পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণে সংঘাত-সংবেদনশীল সাংবাদিকতা, বাস্তুচ্যুত জনগোষ্ঠীকে নিয়ে দায়িত্বশীল সংবাদ পরিবেশন, তথ্য যাচাই, সাংবাদিকতার নৈতিকতা এবং পেশাগত দক্ষতা উন্নয়নের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন মাইনুল ইসলাম খান ও মাফিয়া মুক্তা।

প্রশিক্ষণে তাত্ত্বিক আলোচনার পাশাপাশি বাস্তব পরিস্থিতি বিশ্লেষণ ও হাতে-কলমে অনুশীলনের মাধ্যমে সংবাদ সংগ্রহ ও পরিবেশনের বিভিন্ন কৌশল শেখানো হয়। বিশেষ করে সংঘাত ও সংকটকালীন পরিস্থিতিতে শব্দের যথাযথ ব্যবহার, সংবাদ উপস্থাপনের ধরন, সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য গ্রহণ এবং তথ্যের সত্যতা যাচাইয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ ছাড়া অংশগ্রহণকারী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে বাস্তুচ্যুত জনগোষ্ঠী ও স্থানীয় সম্প্রদায়কে নিয়ে সংবাদ পরিবেশনে মানবিক দৃষ্টিভঙ্গি এবং সংবেদনশীলতার গুরুত্ব তুলে ধরা হয়। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে এমন ভাষা ও উপস্থাপনশৈলী অনুসরণের পরামর্শ দেওয়া হয়, যাতে অনিচ্ছাকৃতভাবে কোনো ধরনের বিদ্বেষ, সামাজিক বিভাজন কিংবা উত্তেজনা সৃষ্টি না হয়। একই সঙ্গে সংঘাতপূর্ণ পরিস্থিতিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও নৈতিক অবস্থান বজায় রাখার বিষয়েও সচেতন করা হয়।

কর্মশালার উদ্বোধনী আয়োজনে কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী ও সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী ও কক্সবাজার প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক ইকরাম চৌধুরী টিপূ উপস্থিত ছিলেন। তাঁরা সাংবাদিকতার দায়িত্বশীলতা, মানবিকতা ও পেশাগত দক্ষতার ওপর গুরুত্ব দেন।

মমতাজ উদ্দিন বাহারী বলেন, একজন সাংবাদিককে আগে একজন ভালো মানুষ হতে হবে। মানবিকতা ও সহমর্মিতার মাধ্যমে মানুষের আস্থা অর্জন করা সম্ভব। বিশেষ করে সংকটাপন্ন ও বাস্তুচ্যুত জনগোষ্ঠীকে নিয়ে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সাংবাদিকদের মানবিক দৃষ্টিভঙ্গি থাকা জরুরি।

নুরুল ইসলাম হেলালী বলেন, এ ধরনের কর্মশালা সাংবাদিকদের নতুন কিছু শেখার সুযোগ তৈরি করে। প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান নিজেদের পেশাগত কাজে প্রয়োগ করার জন্য তিনি অংশগ্রহণকারী সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

অংশগ্রহণকারী সাংবাদিকেরা বলেন, বাস্তুচ্যুতি ও মানবিক সংকটের মতো সংবেদনশীল বিষয়ে সংবাদ করার ক্ষেত্রে প্রশিক্ষণটি তাঁদের পেশাগত দক্ষতা বাড়াতে সহায়ক হবে। মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ, যাচাই ও সংবাদ পরিবেশনের সময় প্রশিক্ষণে পাওয়া জ্ঞান কাজে লাগানোর প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।

বিষয়:‘কনফ্লিক্ট সেন্সিটিভ রিপোর্টিং ইন ডিসপ্লেইসেন্ট কনটেক্সট’ কক্সবাজার প্রেস ক্লাব দায়িত্বশীল সাংবাদিকতা চর্চা
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…