আগামী বছরের প্রথম দিকেই শুরু হবে ‘স্পাইডারম্যান ফোর’-এর শুটিং। এবারও টম হল্যান্ড এবং জেনডায়া থাকছেন। ছবিটি কে পরিচালনা করবেন তা নিয়ে ছিল ভক্তদের কৌতূহল। অবশেষে জানা গেল পরিচালকের নাম।
হলিউড রিপোর্টারের সূত্রে জানা গেছে, ‘স্পাইডারম্যান ফোর’ পরিচালনা করবেন ‘শাং-চি অ্যান্ড দ্য লিজেন্ড অব দ্য টেন রিংস’ নির্মাতা ডেসটিন ড্যানিয়েল ক্রেট্টন। এতদিন এই ফ্র্যাঞ্চাইজি পরিচালনা করেছেন জন ওয়াটস।
২০২১ সালের এমসিইউ মুভি ‘শাং-চি অ্যান্ড দ্য লিজেন্ড অব দ্য টেন রিংস’-এর ব্যাপক সাফল্যের পরে ডেসটিনের ‘অ্যাভেঞ্জার্স: দ্য ক্যাং ডাইনেস্টি’ নির্মাণের কথা ছিল। তবে সেই পরিকল্পনা ভেস্তে যায় যখন ‘ক্যাং’ চরিত্রের অভিনেতা জোনাথন মেজরস প্রাক্তন প্রেমিকার করা মামলায় দোষী সাব্যস্ত হয়ে মার্ভেল থেকে বাদ পড়েন। এরপর ডেসটিনকে দেয়া হয় ‘স্পাইডারম্যান ফোর’-এর দায়িত্ব।
‘স্পাইডারম্যান’ সিরিজের ছবিতে পিটার পার্কার চরিত্রে অভিনয় করেন টম হল্যান্ড। আর তাঁর প্রেমিকা মিশেল জোনস ওরফে এমজে হলেন জেন্ডায়া। পর্দায় তাঁদের প্রেম দেখে এই জুটিকে দারুণ পছন্দ করেন ভক্তরা।
‘স্পাইডার-ম্যান: হোমকামিং’-এর সেটে প্রেমে পড়েন এই তারকা জুটি। এরপর তাদের একসঙ্গে দেখা গেছে ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এ।
সূত্র: হিন্দুস্তান টাইমস







