এবারের ঈদ যাত্রায় যমুনা সেতু দিয়ে টোল আদায় ও যানবাহন পারাপারের রেকর্ড সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ।
গত ২৪ ঘণ্টায় প্রায় ৬৫ হাজার যানবাহন পারাপার হয়েছে। টোল আদায় হয়েছে ৪ কোটি ১৯ লাখ টাকা প্রায়। এছাড়া মোটরসাইকেল পারাপারেও রেকর্ড সৃষ্টি হয়েছে।
জানা গেছে, যমুনা সেতুর পূর্ব টোলপ্লাজায় ৯টি ও পশ্চিমে টোলপ্লাজায় ৯টি বুথে টোল আদায় করা হচ্ছে। এছাড়া মোটরসাইকেলের জন্য আলাদা দুইটি লেন করা হয়েছে। টাঙ্গাইল অংশে যানজট নিরসন করতে সেতুর পশ্চিম টোলপ্লাজায় টোল আদায় বন্ধ করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় বাস পারাপার হয়েছে ১৫ হাজার, বড় ট্রাক সাড়ে ২৩ হাজার, ছোট পরিবহন প্রায় ১০ হাজার ও মোটরসাইকেল সাড়ে ১৫ হাজার পারাপার হয়েছে। স্বাভাবিক সময়ে এই সেতু দিয়ে ১৮ হাজার থেকে ২০ হাজার পরিবহন চলাচল করে থাকে।
এদিকে মহাসড়কে যানজট কবলে চরম ভোগান্তিতে পড়েছে উত্তরের পথের মানুষ। উত্তরের প্রায় ২১ জেলার মানুষ ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক ব্যবহার করে। এর আগে সর্বোচ্চ ৫৩ হাজার যানবাহন পারাপার হয়েছিল।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল জানান, ঈদে মহাসড়কের বাড়তি পরিবহনের চাপ তৈরি হয়েছে। এতে সর্বোচ্চ সংখ্যক পরিবহন পারাপার হয়েছে যা সেতুর ইতিহাসে রেকর্ড।








