ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ

ছবি: সংগৃহীত
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আজ বুধবার (৭ অক্টোবর)। নির্বাচন কমিশনের (ইসি) তফসিল অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার (৮ অক্টোবর) প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
আগামী ২৯ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
গত ২৯ সেপ্টেম্বর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। এতে ছয়জন প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়।
বৈধ প্রার্থীরা হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ওবায়দুল্লাহ মাসুদ ও মির্জা ফয়সল আমীন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর দেলওয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।
ইসির কর্মকর্তারা জানান, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের না হওয়ায় ৬ জন প্রার্থীই বহাল আছেন।
ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে ভোটার ছিলেন ৫ লাখ ৭ হাজার ২০৩ জন। পরে নতুন ভোটার যুক্ত হওয়ায় বর্তমানে এ আসনে মোট ভোটার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ১৫ হাজার ৫২৫ জনে।
ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় আসনটি শূন্য ঘোষণা করা হয়। ফলে আসনটিতে উপনির্বাচনের আয়োজন করেছে নির্বাচন কমিশন।






