রাজধানীর কল্যাণপুরে জাহাজ বিল্ডিংয়ে ‘জঙ্গি আস্তানায়’ অভিযানের নামে ৯ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশের সাবেক আইজি একেএম শহিদুল হক, ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া ও মিরপুর জোনের তৎকালীন এসি জসিম উদ্দিনকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনাল।
আগামী ২১, ২২ ও ২৩ এপ্রিল জিজ্ঞাসাবাদের সময় দেয়া হয়েছে। প্রসিকিউসনের আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. গোলাম মলর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বুধবার এই আদেশ দেন।
ট্র্যাইব্যুনালে আজ প্রসিকিউশন পক্ষে ছিলেন প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম ও আবদুস সাত্তার পালোয়ান।
২০১৬ সালে ঢাকার কল্যাণপুরে ‘জাহাজ বাড়ি’তে জঙ্গি নাম দিয়ে ইসলামিক ভাবধারার ৯ তরুণকে হত্যা করার অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলা (মিসকেস) করা হয়। এই মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহিদুল হক, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়া ও ডিএমপি মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার (ডিসি) মো. জসীম উদ্দীন মোল্লাকে গ্রেপ্তার দেখিয়ে গত ২৪ মার্চ কারাগারে পাঠানোর নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনাল। সেই সাথে এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ও পরবর্তী শুনানি আগামী ৭ মে দিন ধার্য করা হয়েছে।







