কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে গুলি করে শিশুসহ একই পরিবারের তিনজনকে হত্যা করা হয়েছে।
আজ সোমবার (২১অক্টোবর) ভোরে রোহিঙ্গা ক্যাম্পের ২০ নম্বর এক্সটেনশন অংশে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ওই ক্যাম্পের বাসিন্দা আহম্মদ হোসেন (৬০), তার ছেলে সৈয়দুল আমিন (২৮) ও শিশু কন্যা আসমা (১৩)। বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ ইকবাল।
পুলিশ জানান, আজ ভোরে রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের একদল সশস্ত্র সদস্য সৈয়দুল আমিনের বাড়িতে প্রবেশ করে। এসময় কান্না করে ঘুম থেকে উঠে যায় শিশু আসমা। সন্ত্রাসীরা কান্না থামাতে তাকে গুলি করে। পরে আসমার বাবা আহম্মদ হোসেন ও ভাই সৈয়দুল আমিনকে গুলি করে সটকে পড়ে সন্ত্রাসীরা৷ বাবা ও ভাই ঘটনাস্থলে মারা গেলেও গুরুতর আহতাবস্থায় শিশু আসমাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তাদের অভিযোগ, বেশকিছুদিন ধরে রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠী সদস্যরা সৈয়দুল আমিনকে হত্যা করার জন্য খুঁজে বেড়াচ্ছিলেন। পরে তারা প্রাণ বাঁচাতে ক্যাম্প ১৭ থেকে পালিয়ে ক্যাম্প ২০ এক্সটেনশন অংশে আশ্রয় নেয় কিছুদিন আগে।
উখিয়া থানা পুলিশ জানিয়েছে, নিহত সৈয়দুল আমিন রোহিঙ্গাদের আরেকটি সন্ত্রাসী গ্রুপের কমান্ডার। আধিপত্য বিস্তার নিয়ে প্রতিদ্বন্দ্বী রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যরা হামলা চালিয়ে তাদের খুন করে।
পুলিশ তিন মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে।







