অবশেষে জাতীয় ফুটবল দলের কোচের নাম ঘোষণা করল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। জামাল ভুঁইয়া-হামজা চৌধুরীদের দায়িত্ব নিতে চলেছেন জার্মান বংশোদ্ভূত মার্কিন কোচ থমাস ডুলি। ফিফা বিশ্বকাপের মঞ্চে যুক্তরাষ্ট্রকে অধিনায়কত্ব করা থমাসের নতুন অধ্যায় এখন লাল-সবুজের প্রতিনিধিদের সাথে।
শুক্রবার বাফুফে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে। দীর্ঘ ৪৩ বছর ফুটবলের সঙ্গে অভিজ্ঞতা সঙ্গী করে বাংলাদেশের দায়িত্ব নিচ্ছেন তিনি। খেলোয়াড়ি জীবনে যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়ে খেলেছেন। ১৯৯৪ বিশ্বকাপে অংশ নিয়েছেন।
এছাড়া ১৯৯৮ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের অধিনায়কের দায়িত্বও পালন করেন থমাস। পরবর্তীতে ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত ইয়ূর্গেন ক্লিন্সম্যানের অধীনে যুক্তরাষ্ট্র জাতীয় দলের সহকারী কোচ হিসেবে কাজ করেছেন তিনি।
তার অধীনে ফিলিপিন্স জাতীয় ফুটবল দল ইতিহাস গড়ে। অপরাজিত থেকে এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছিল। একই সময় দলটি অর্জন করে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ বিশ্ব র্যাঙ্কিং।
সবশেষে তিনি গায়ানা জাতীয় ফুটবল দলের হেড কোচ ছিলেন। তার অধীনে গায়ানা চার ম্যাচের সবকটিতে জয় পায়। সে দায়িত্ব শেষে বাংলাদেশের দায়িত্ব নিচ্ছেন থমাস।


