ঢাকা মহানগর গোয়েন্দো পুলিশ কার্যালয়ে আর কোনো ভাতের হোটেল থাকবে না, থাকবে না কোনো আয়নাঘর। ডিবি হবে জনসাধারণের ভরসার স্থল।
আজ শনিবার দুপুরে ডিএমপির গণমাধ্যম কার্যালয়ে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এসব কথা বলেন ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক।
তিনি বলেন, ডিবির কলঙ্কিত অধ্যায় শেষ করে সেটিকে পবিত্র করা হবে, যেখানে মানুষ ন্যায় বিচার পাবে। ডিবিতে কোনো নায়ক নায়িকা বা সেলেব্রিটির সময় কাটানোর জায়গা হবে না। আসামি যেই হোক না কেন ন্যায় বিচার পাবে। আসামিদের নির্যাতন করা হবে না। ডিবি অফিসের নাম শুনলে কেউ জানি আতঙ্কিত না হয়, আমাদের যেন শুধু অপরাধীরাই ভয় পায়।
ডিবি প্রধান বলেন, আমি যতোদিন ডিবি প্রধানের দায়িত্ব পালন করব ততোদিন ন্যায় নীতি পেশাদারিত্বের মাধ্যমে দায়িত্ব পালন করব। যারা ভুক্তভোগী ও অসহায় তাদের কথা শুনবো, তাদের কিভাবে আইনগত সহায়তা করা যায় সেটি দেখব। ডিবিকে মানুষের আস্থা ও ভালোবাসা স্থান হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। নতুন স্বাধীন বাংলাদেশে ডিবি অফিস হবে ভুক্তভোগীদের ভরসার স্থল।
রেজাউল করিম বলেন, ডিবি অফিসে কোনো অন্যায় অবিচারকে প্রশ্রয় দেওয়া হবে না। ডিবির কোন সদস্য অন্যায় করলে কঠোর ব্যাবস্থা নেওয়া হবে। ডিবিতে চৌকস দক্ষ ও পেশাদার কর্মকর্তাদের পদায়ন করা হয়েছে। তাদের সঙ্গে সমন্বয় করে ডিবিকে পুর্নগঠন করে প্রতিষ্ঠানটি ভাবমুর্তি উজ্জ্বল করতে যা যা করণীয় সেভাবেই আমরা কাজ করে যাচ্ছি। আশ্বস্ত করে বলতে পারি সরকার আমাকে যতোদিন এ পদে রাখবে ততোদিন আইনানুগভাবে কাজ করে যাবো। সাধারণ মানুষ যেন সুবিচার পায়, অন্যায় থেকে বাঁতে পারে সেটি নিশ্চিত করা হবে।








