যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশসহ নানান ইস্যু নিয়ে ফোনে কথা বলেছেন। এমনটি জানিয়ে সোমবার ২৬ আগস্ট রাতে নিজের এক্স একাউন্টে নরেন্দ্র মোদি একটি পোস্ট করেন। কিন্তু এর কিছুক্ষণ পর হোয়াইট হাউস যে বিবৃতি দিয়েছে সেখানে বাংলাদেশ প্রসঙ্গটিই নেই।
আনন্দবাজার জানিয়েছে, জো বাইডেনের সাথে ফোনে কথা বলার পর নরেন্দ্র মোদি তার এক্স একাউন্টে দেয়া এক পোস্টে জানিয়েছিলেন, বাইডেনের সাথে আজ ফোনে কথা হয়েছে। ইউক্রেনের পরিস্থিতিসহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে আমাদের বিশদ মতবিনিময় হয়েছে।
পোস্টে তিনি আরও লিখেন, আমরা বাংলাদেশের পরিস্থিতি নিয়েও আলোচনা করেছি এবং দ্রুত স্বাভাবিক পরিস্থিতি পুনরুদ্ধারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়েছি। জোর দিয়েছি বাংলাদেশে সংখ্যালঘুদের, বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে।
যদিও তার কয়েক ঘণ্টার পর দেয়া হোয়াইট হাউসের বিবৃতিতে ফোনালাপে বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতন এবং হিন্দুদের ওপর অত্যাচারের বিষয়ে কিছু উল্লেখই নেই। বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে কথা বলেছেন। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক পোল্যান্ড ও ইউক্রেন সফরের পাশাপাশি আলোচনায় এসেছে সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের প্রসঙ্গও।







