সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা।
আজ ৩ অক্টোবর বৃহস্পতিবার বন্ধ থাকা বেশ কয়েকটি কারখানা খুলে দিয়েছে কর্তৃপক্ষ। এতে ওসব কারখানার শ্রমিকরাও শান্তিপূর্ণভাবে কাজে যোগদান করেছেন।
আশুলিয়ার জামগড়া, নরসিংহপুর, নিশ্চিন্তপুর, জিরাবো ও কাঠগড়ার কারখানা পরিস্থিতি স্বাভাবিক। প্রতিটি কারখানার সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন।
তবে শ্রম আইনের ১৩ এর ১ ধারায় এখনও ৭টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।
এছাড়াও কারখানায় প্রবেশ করে অভ্যন্তরীণ বিষয়ে বনিবনা না হওয়ায় ১১টি কারখানা সকালে ছুটি ঘোষণা করেছে মালিক পক্ষ।
আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শিল্পাঞ্চলের কারখানাগুলোতে শান্তিপূর্ণভাবে উৎপাদন কার্যক্রম চলছে।







