ভারতের উত্তরপ্রদেশের কানপুরে রাজকুমারী নামে এক নারী ইনস্টাগ্রামে রিল দেখতে দেখতে হঠাৎ একটি ভিডিওতে ১৮ বছর আগে নিজের হারিয়ে যাওয়া ভাইয়ের সন্ধান পেয়েছেন। রিল ভিডিওতে ওই ব্যক্তির দাঁত দেখে তার ভাইকে শনাক্ত করেন তিনি। রিল ভিডিওতে দেখা দাঁত ঠিক তার হারিয়ে যাওয়া ভাই বাল গোবিন্দের মতো হওয়ায় সহজেই তাকে শনাক্ত করেন রাজকুমারী।
সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
আজ থেকে ১৮ বছর আগে কানপুরের ফতেহপুরের ইনায়েতপুরের গ্রামের বাড়ি থেকে কাজের খোঁজে মুম্বাইয়ে যান বাল গোবিন্দ। কিন্তু এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। প্রথম অবস্থায় তার বন্ধুদের সাথে যোগাযোগ থাকলেও পরবর্তীতে কেউ আর তার সাথে যোগাযোগ করতে পারেননি।
বাল গোবিন্দর পরিবার জানায়, একদিন মুম্বাইয়ে খুব অসুস্থ হয়ে পড়েন তিনি। বাড়ি ফেরার জন্য গোবিন্দ একটি ট্রেনেও উঠেছিলেন, কিন্তু কানপুরের পরিবর্তে তিনি রাজস্থানের জয়পুরে চলে যান। সেখানে রেলওয়ে স্টেশনে এক ব্যক্তি তাকে কারখানায় চাকরির প্রস্তাব দেন। সেখানে থেকেই সে সুস্থ হয়ে কাজ করতে থাকেন। সময়ের সাথে সাথে গোবিন্দের অবস্থার উন্নতি হয় এবং তিনি জয়পুরে থাকতে শুরু করেন। সেখানে তিনি ঈশ্বর দেবী নামে একে নারীকে বিয়ে করেন এবংতাদের দুটি সন্তান হয়।
গোবিন্দ জয়পুরের বিভিন্ন এলাকায় রিল ভিডিও বানাতেন এবং সেগুলো ইনস্টাগ্রামে ছাড়তেন। রাজকুমারী তার সন্দেহের বসে ইনস্টাগ্রামে ভিডিও খুঁজতে খুঁজতে তার ভাই গোবিন্দর সন্ধান পান। পরে তার সাথে যোগাযোগ করেন।গোবিন্দর ছোটবেলা থেকে একটি ভাঙা দাঁত ছিল যা দেখে তাঁর বোন রাজকুমারী তাকে চিনতে পারেন।
যোগাযোগের পর রাজকুমারী তার ভাইকে বাড়ি ফিরে আসার অনুরোধ করেন, সেই প্রস্তাবে রাজি হন গোবিন্দ। গত ২০ জুন দীর্ঘ ১৮ বছর পর নিজ গ্রামে ফিরেন বাল গোবিন্দ।








