জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রী অবন্তিকার মৃত্যুর ঘটনায় শিক্ষাপ্রতিষ্ঠানে এরকম পরিস্থিতি যেন আর না হয়, সেজন্য সর্বোচ্চ ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ইতিমধ্যে অভিযুক্ত শিক্ষার্থী রায়হান সিদ্দিক আম্মান কে বহিষ্কার ও সহকারী প্রক্টর দ্বীন ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
দ্রুত বিচারের আশ্বাস দিয়ে প্রফেসর ড. মোহাম্মদ জাকির হোসেনকে আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম। তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।
রেজিস্ট্রার জানান, এর আগে ১টি আত্মহত্যা ও কিছু হ্যারেজমেন্টের অভিযোগ রয়েছে। কিছু কিছু ঘটনায় অ্যাকশনও নেওয়া হয়েছে। বাকি অভিযোগগুলোরও বিচার হবে।








