আন্তর্জাতিক

ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে আরও এক ব্যাংকে নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র

ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে আরও এক ব্যাংকে নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়াতে চলতি সপ্তাহে দেশটির সঙ্গে সংশ্লিষ্ট আরও একটি ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা অচলাবস্থায় থাকায় ইরানকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করার প্রচেষ্টা জোরদার করছে যুক্তরাষ্ট্র।

সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

রোববার (৩০ আগস্ট) বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এ তথ্য জানিয়েছেন। তবে কোন ব্যাংককে লক্ষ্য করে নিষেধাজ্ঞা দেওয়া হবে, তা জানাননি তিনি।

এর কয়েক দিন আগেই যুক্তরাষ্ট্র জানিয়েছিল, মিশরের দ্বিতীয় বৃহত্তম ব্যাংক বানক মিসরকে ইরান সরকারের সঙ্গে ব্যবসা করার অভিযোগে মার্কিন আর্থিক ব্যবস্থা থেকে সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রম বিচ্ছিন্ন করা হবে।

বেসেন্ট এপিকে বলেন, প্রয়োজন হলে এটি আর্থিক সহিংসতায় পরিণত হবে। আমরা মানুষকে দেখাচ্ছি যে আমরা জানি আপনারা কারা, আপনারাও জানেন আপনারা কারা এবং এটি বন্ধ করতে হবে।

রয়টার্সকে দেওয়া আরেক সাক্ষাৎকারে বেসেন্ট বলেন, পরবর্তী পদক্ষেপ হিসেবে কোনো প্রতিষ্ঠানকে পুরোপুরি ডলারভিত্তিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করা হতে পারে।

তিনি বলেন, প্রতি সপ্তাহেই এমন আরও অনেক পদক্ষেপ দেখতে পাবেন। আমরা ব্যাংকগুলো দিয়ে শুরু করছি এবং তাদের জানিয়ে দিচ্ছি, ইরানের অর্থ রাখা কিংবা দেশটির সরকারকে সহায়তা করা গ্রহণযোগ্য নয়।

যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে অপারেশন ইকোনমিক আউটকাস্ট নামে অভিহিত করা হয়েছে। যুদ্ধবিরতি নিয়ে আলোচনা থমকে থাকার মধ্যে ওয়াশিংটন তেহরানকে নিজেদের দাবিতে রাজি করাতে অর্থনৈতিক চাপ বাড়িয়ে চলেছে।

গত সপ্তাহে মার্কিন অর্থ মন্ত্রণালয় প্রায় ৬০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করে। ওয়াশিংটনের অভিযোগ, এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান ইরানের তেল থেকে আয় করা, অস্ত্র সংগ্রহ এবং সাইবার কার্যক্রম পরিচালনায় সহায়তা করা নেটওয়ার্কের সঙ্গে জড়িত।

তবে ইরান নতুন মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করেছে। দেশটির অর্থ ও অর্থনৈতিক বিষয়ক মন্ত্রী আলী মাদানিজাদেহ বলেছেন, এসব নিষেধাজ্ঞা ব্যর্থ হবে।

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

এদিকে রোববার সংঘাতে আবারও হামলা-পাল্টা হামলা শুরু হয়েছে। জুলাইয়ের শেষের পর এই প্রথম বড় ধরনের সহিংসতা ফিরে এসেছে।

দক্ষিণ ইরানের লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার পর জর্ডানে দুটি মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।

ইরানের বিরুদ্ধে সহযোগিতা চায় যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট নর্থ ক্যারোলিনার অ্যাশভিলে জি-২০-এর অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের বৈঠকে অংশ নিচ্ছেন। বৈঠকের ফাঁকে বিশ্বের বড় ও উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করে ইরানের বিরুদ্ধে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানাবেন তিনি।

এপি-কে বেসেন্ট জানিয়েছেন, বৈঠকে তিনি চীনের কর্মকর্তাদের সঙ্গেও আলোচনা করবেন। তেহরানের সঙ্গে বেইজিংয়ের বাণিজ্য অব্যাহত থাকায় চীনের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে সব বিকল্পই খোলা রয়েছে বলেও জানান তিনি।

তবে চীনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্র অনিচ্ছুক, এমন ধারণা প্রত্যাখ্যান করে বেসেন্ট বলেন, এটি সম্পূর্ণ মিথ্যা একটি বয়ান, যা গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

তিনি দাবি করেন, হরমুজ প্রণালি পুনরায় চালু করা এবং ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখার প্রয়োজনীয়তার বিষয়ে বেইজিং ও ওয়াশিংটন একমত।

বিষয়:অর্থনৈতিক চাপইরানব্যাংকে নিষেধাজ্ঞাযুক্তরাষ্ট্র
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…