কলকাতার নন্দনে বসতে যাচ্ছে ৫ম ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল। আগামী ৮ থেকে ১৩ সেপ্টেম্বর কলকাতার নন্দনে অনুষ্ঠিত হবে এই উৎসব। আর এই উৎসবের প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে বাংলাদেশের তিন সিনেমা।
এর মধ্যে পিপলু আর খানের ‘জয়া আর শারমিন’ ও নুরুল আলম আতিকের ‘মানুষের বাগান’ ফিচার ফিল্ম প্রতিযোগিতায় লড়বে। আর প্রামাণ্যচিত্র বিভাগে নির্বাচিত হয়েছে বাংলাদেশ-যুক্তরাজ্যের যৌথ প্রযোজনার ‘মামুন—ইন প্রেইজ অব শ্যাডোজ’।
ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব ইন্ডিয়ার ইস্টার্ন রিজিয়নের আয়োজনে এবারের উৎসবের ফিচার ফিল্ম প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের মোট ১৯টি সিনেমা নির্বাচিত হয়েছে। সেই তালিকায় জায়গা করে নিয়েছে বাংলাদেশের তিন সিনেমা।
৮৬ মিনিটের ‘জয়া আর শারমিন’ সিনেমার গল্প কোভিড-১৯ লকডাউনে একই বাড়িতে আটকা পড়া ভিন্ন আর্থসামাজিক অবস্থানের দুই নারীকে ঘিরে। একজন অভিনেত্রী জয়া, অন্যজন তাঁর গৃহকর্মী শারমিন। বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন অবস্থায় তাদের মধ্যে তৈরি হয় অপ্রত্যাশিত এক ঘনিষ্ঠতা। তবে সময়ের সঙ্গে সেই সম্পর্কের ভেতর থেকে বেরিয়ে আসে শ্রেণিবৈষম্য, মানসিক চাপ ও সম্পর্কের নানা জটিলতা।
সিনেমাটির জয়া চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান এবং শারমিন চরিত্রে মহসিনা আক্তার। অতিথি চরিত্রে রয়েছেন তানজিম সাইয়ারা তটিনী। পিপলু আর খান ও নুসরাত ইসলাম মাটি যৌথভাবে লিখেছেন গল্প, চিত্রনাট্য ও সংলাপ। নির্মাণের পাঁচ বছর পর ২০২৫ সালের ১৬ মে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। পরে একই বছরের ২৫ সেপ্টেম্বর ওটিটিতেও আসে।
অন্যদিকে নুরুল আলম আতিকের ‘মানুষের বাগান’ও এবার কলকাতার আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের হয়ে লড়বে। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাঁচটি গল্প নিয়ে নির্মিত হয়েছে ছবিটি। মনোজ প্রামাণিক, অর্চিতা স্পর্শিয়া, প্রসূন আজাদ, দীপান্বিতা মার্টিন, ইকবাল আহমেদ, জ্যোতিকা জ্যোতিসহ অনেকে অভিনয় করেছেন এতে।
২০১৮ সালে সিনেমাটির নির্মাণকাজ শুরু হয়। এক বছরের মধ্যেই শুটিং শেষ হলেও বিভিন্ন কারণে মুক্তির জন্য প্রস্তুত হতে সময় লাগে। চলতি বছর ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৫তম দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রের পুরস্কার অর্জন করেছে ‘মানুষের বাগান’। এবার সেই সিনেমাই কলকাতার নন্দনে আন্তর্জাতিক প্রতিযোগিতায় নাম লেখাল।
উৎসবে বাংলাদেশের প্রামাণ্যচিত্র বিভাগেও থাকছে প্রতিনিধিত্ব। মকবুল চৌধুরী পরিচালিত বাংলাদেশ-যুক্তরাজ্যের যৌথ প্রযোজনার ‘মামুন—ইন প্রেইজ অব শ্যাডোজ’ লড়বে প্রামাণ্যচিত্র বিভাগের পুরস্কারের জন্য।
ফিচার ফিল্ম প্রতিযোগিতার সেরা ও দ্বিতীয় সেরা সিনেমাকে দেওয়া হবে বিমল রায় গোল্ডেন ও সিলভার অ্যাওয়ার্ড। আর প্রামাণ্যচিত্র বিভাগে রয়েছে হরিসাধন দাশগুপ্ত গোল্ডেন ও সিলভার অ্যাওয়ার্ড।
উল্লেখযোগ্য বিষয় হলো, কলকাতার এই উৎসবে বাংলাদেশের দুই আলোচিত ফিচার সিনেমার সঙ্গেই রয়েছে ইমপ্রেস টেলিফিল্মের প্রত্যক্ষ সম্পৃক্ততা। নুরুল আলম আতিক পরিচালিত ‘মানুষের বাগান’-এর প্রযোজনায় রয়েছে ইমপ্রেস টেলিফিল্ম। অন্যদিকে ‘জয়া আর শারমিন’-এর টেলিভিশন স্বত্ব রয়েছে চ্যানেল আইয়ের।








