যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ড সম্প্রতি ভুগছে নেতৃত্ব সংকট ও গভর্নিং কাঠামো নিয়ে। বোর্ড সংস্কারের জন্য চেয়ারম্যান ভেনে পিসিকেকে যৌথভাবে লিখিত বার্তা দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এবং যুক্তরাষ্ট্রের অলিম্পিক ও প্যারা অলিম্পিক কমিটি। সব শর্ত না মানলে স্বাগতিক হয়েও তারা অংশগ্রহণ করতে পারবে না ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে।
চলতি মাসেই যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ডকে সতর্ক করেছে আইসিসি। ১০ জুলাই বোর্ডটিকে এক ইমেইল বার্তায় প্রথম সতর্ক করা হয় নতুন করে গভর্নিং কমিটি গঠনের জন্য। বার্তায় একটি রোডম্যাপ দিয়ে দেন আইসিসির জেনারেল কাউন্সিল জনাথন হল।
রোডম্যাপের প্রথমধাপে বোর্ডটির স্বাধীন তিন পরিচালককে অব্যাহতি দিয়ে নতুন তিনজনকে স্থলাভিষিক্ত করতে বলা হয়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের অলিম্পিক কমিটি শর্ত বেধে দেয় তিন পরিচালকের একজনকে অবশ্যই নারী হতে হবে। যাতে তারা বোর্ডটির সংবিধানের সবকিছু পূরণে সাহায্য করতে পারে।
বার্তাটি বিশ্লেষণ করলে দেখা যায় ভিন্ন চিত্র। গভর্নিংবডির সংস্কারে বোর্ডটির স্বাধীন পরিচালকসহ মোট ১০ জন পরিচালককেই অবসর নিতে হবে। তারপর নিরপেক্ষ ও স্বাধীনভাবে নির্বাচনের মাধ্যমে ভবিষ্যৎ বোর্ড সদস্য নির্ধারণ করতে হবে।
যুক্তরাষ্ট্রের ক্রিকেট ও বোর্ডকে ঢেলে সাজাতে বোর্ডের সংবিধান সংস্কার করতে হবে। আইসিসির নীতিনির্ধারকদের পরামর্শ নিয়ে নতুনভাবে নির্বাচিত স্বতন্ত্র পরিচালকরা একাজ করবেন, বার্তায় বলা হয়েছে।
আইসিসির সদরদপ্তর সিঙ্গাপুরে ২০ জুলাই বাৎসরিক সাধারণসভায় যুক্তরাষ্ট্র ইস্যুতে আলোচনায় বসবে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১২৮ বছর পর আরও একবার অলিম্পিক গেমসে জায়গা পাচ্ছে ক্রিকেট। ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে নারী ও পুরুষ ক্রিকেট ইভেন্টে থাকবে ছয়টি করে দল। শুধু টি-টুয়েন্টি সংস্করণের ক্রিকেট হবে অলিম্পিকে, যেখানে ছয় দলকেই ১৫ জনের করে সাজাতে হবে।







