বেইজিং সফর সংক্ষিপ্ত করে আগামীকাল বুধবার ১০ জুলাই রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার ৯ জুলাই বেইজিংয়ের সেন্ট রেজিস হোটেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
পররাষ্ট্রমন্ত্রী জানান, সফর সংক্ষিপ্ত করে ১১ জুলাই সকালের পরিবর্তে ১০ জুলাই রাতে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটটি বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের নিয়ে রওনা করে বাংলাদেশ সময় বুধবার মধ্যরাতে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
এদিকে বুধবার দুপুরের আগে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এবং বিকালে দেশটির প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে বৈঠকের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। দুই বৈঠকের মাঝে ২০ থেকে ২২টি চুক্তি সইয়ের সম্ভাবনা রয়েছে।
চীনের প্রিমিয়ার অব দ্য স্টেট কাউন্সিল (প্রধানমন্ত্রী) লি শিয়াংয়ের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার ৮ জুলাই বেইজিং যান।
১১ জুলাই বৃহস্পতিবার বেলা ১১টায় ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের। কিন্ত, ঠিক কী কারণে সফরসূচিতে এমন পরিবর্তন হলো তা এখনও জানা যায়নি।








