দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এক হাজার ৭৩ টাকা বাড়িয়ে ১ লাখ ১৬ হাজার ৯৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এতদিন এই দাম ছিল ১ লাখ ১৫ হাজার ৮৮২ টাকা।
মঙ্গলবার ১১ জুন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগামীকাল বুধবার ১২ জুন থেকে নতুন এই দাম কার্যকর হবে।
নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ এক লাখ ১৬ হাজার ৯৫৫ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ১১ হাজার ৬৩৬ টাকা, ১৮ ক্যারেটের ৯৫ হাজার ৬৯১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ৭৯ হাজার ১১৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়াও স্বর্ণ ও রৌপ্যের বিক্রয় মূল্যের সাথে আবশ্যিকভাবে সরকার কর্তৃক নির্ধারিত ৫% ভ্যাট ও বাজুস কর্তৃক নির্ধারিত নূন্যতম মজুরী ৬% যুক্ত করতে হবে বলেও জানানো হয়েছে বিবৃতিতে।







