সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আবহাওয়া নিয়ে ছড়িয়ে পড়া ৫৫ ডিগ্রি তাপমাত্রার সতর্কবার্তার পোস্টটি ভুয়া। বরং আবহাওয়া অধিদপ্তর এক পূর্বাভাসে জানিয়েছে, দেশের দিকে অগ্রসর হচ্ছে একটি প্রায় পূর্ণাঙ্গ বৃষ্টি বলয় ‘ঝুমুল’। পোস্টটি আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে ডিরেক্টরেট জেনারেল অব সিভিল ডিফেন্সের বার্তা হিসেবে ছড়ানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর এমন কোনো পূর্বাভাস দেয়নি বলে শনিবার (২৫ এপ্রিল) জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির।
তরিফুল নেওয়াজ কবির বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সঙ্গে আমাদের কথা হয়েছে, যে বার্তাটি তাদের নামে প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ ভুয়া এবং বিভ্রান্তিকর বলে জানিয়েছে তারা।
তরিফুল নেওয়াজ কবির বলেন, ডিরেক্টরেট জেনারেল অব সিভিল ডিফেন্স নামে ভারতে একটা অধিদপ্তর আছে সম্ভবত। রাজস্থান বা ওই অঞ্চলের দিকে যে মরুভূমি আছে, সেখানে তাপমাত্রা অনেক উঠে যায়। তাদের কোনো বার্তা হতে পারে। কিন্তু আমাদের দেশে তাপমাত্রা ৪৫ ডিগ্রির ওপরে উঠেনি। এ পর্যন্ত রেকর্ডকৃত সর্বোচ্চ তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছিল, যা ১৯৭২ সালে রেকর্ড করা হয়েছিল। আমাদের দেশে এখন ৫৫ ডিগ্রি সেলসিয়াসের কথা তো চিন্তাও করা যায় না।
এদিকে, উচ্চ তাপপ্রবাহ নিয়ে কোনো সতর্ক বার্তা দেয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার জানিয়েছেন, ডিরেক্টরেট জেনারেল অব সিভিল ডিফেন্সের বরাত দিয়ে যে বার্তাটি প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ ভুয়া এবং বিভ্রান্তিকর। আগামী ২৯ এপ্রিল থেকে ১২ মে এবং ২৫ মে থেকে ৪ জুন পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি এবং এ সময় করণীয় বিষয়ে যে তথাকথিত সতর্কতা বার্তা প্রচার করা হচ্ছে, সেটি ফায়ার সার্ভিস কর্তৃক জারি করা হয়নি।
এ বিষয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীর প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে সংস্থাটি। পাশাপাশি নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ‘জরুরি বিজ্ঞপ্তি’ নামে ছড়িয়ে পড়া ভুয়া বার্তায় বলা হয়েছে, ‘আগামী ২৯ এপ্রিল থেকে ১২ মে এবং ২৫ মে থেকে ৪ জুন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কোনো ব্যক্তি (খোলা আকাশের নিচে) বাইরে বের হবেন না। কারণ, আবহাওয়া অধিদপ্তর বলেছে যে, তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস থেকে ৫৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। তাই ঘরে কেউ যদি দম বন্ধ বোধ করেন তাহলে দ্রুত ডাক্তারের সাথে পরামর্শ করুন। দরজা খুলে রাখুন, যাতে বাতাস চলাচলে সুবিধা হয়। মোবাইলের ব্যবহার কম করুন, মোবাইল ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। এ ব্যাপারে সতর্ক থাকুন এবং মানুষকে জানান। যতটা সম্ভব ঠান্ডা পানীয়, যেমন দই, বাটার মিল্ক, আপেলের জুস ইত্যাদি ব্যবহার করুন।’
বার্তায় উল্লেখ করা হয়, ‘ডিরেক্টরেট জেনারেল অব সিভিল ডিফেন্স নাগরিক এবং বাসিন্দাদের নিম্নলিখিত বিষয়ে সতর্ক করছে- ৪৭ ডিগ্রি থেকে ৫৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা বৃদ্ধি এবং আগামী দিনগুলোতে কিউমুলাস মেঘের উপস্থিতির কারণে বেশিরভাগ এলাকায় শ্বাসরুদ্ধকর পরিবেশের জন্য কিছু সতর্কতা রয়েছে। নিম্নলিখিত দ্রব্যাদি গাড়ি থেকে সরানো উচিত- গ্যাস সামগ্রী, লাইটার, কার্বনেটেড বেভারেজ, সাধারণ পারফিউম এবং অ্যাপ্লায়েন্স ব্যাটারি,গাড়ির জানালা সামান্য খোলা থাকা উচিত (বাতাস চলাচলে জন্য্ গাড়ির ফুয়েল ট্যাঙ্ক সম্পূর্ণভাবে ভরাট করবেন না, সন্ধ্যায় গাড়িতে জ্বালানি নিনগাড়িতে ভ্রমণ করা এড়িয়ে চলুন, বিশেষ করে সকালের দিকে।’
ভুয়া বার্তায় আরও বলা হয়, ‘বিচ্ছু এবং সাপ থেকে সাবধান থাকুন, কারণ তারা তাদের গর্ত থেকে বেরিয়ে এসে শীতল জায়গার সন্ধানে পার্কে কিংবা বাড়িতে প্রবেশ করতে পারে। প্রচুর পানি এবং তরল পানীয় পান করুন, গ্যাস সিলিন্ডার রোদে না রাখা নিশ্চিত করুন, বিদ্যুতের মিটার ওভারলোড না করা নিশ্চিত করুন এবং এয়ার কন্ডিশনার শুধুমাত্র বাড়ির দখলকৃত জায়গায় ব্যবহার করুন, বিশেষ করে গরমের সময়। এবং দুই থেকে তিন ঘণ্টা পর পর ৩০ মিনিট বিশ্রাম দিন। বাইরে ৪৫°-৪৭° হলে বাড়িতে ২৪°-২৫°এ এসি রাখুন, আপনার স্বাস্থ্য ভালো থাকবে। সূর্যালোকের সরাসরি সংস্পর্শে আসা এড়িয়ে চলুন, বিশেষ করে সকাল ১০টা থেকে বিকেল ৩টার মধ্যে।’
পোস্টের শেষে লেখা রয়েছে- ‘অনুগ্রহ করে এই তথ্যটি শেয়ার করুন, কারণ অন্যরাও হয়তো এটি জানেন না এবং প্রথমবারের মতো পড়ছেন।’
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক জনগণকে এমন ভুয়া বার্তা শেয়ার না করার জন্য আহ্বান জানিয়েছেন।


