কোটা সংস্কারের দাবিতে চতুর্থ দিনের মতো বাংলা ব্লকেড কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। এরই মধ্যে ঢাকার বাইরে চট্টগ্রাম ও কুমিল্লায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। উত্তেজনা ছড়িয়েছে ঢাকাতেও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হয়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা শাহবাগের দিকে অগ্রসর হলে উত্তেজনা সৃষ্টি হয়। ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা শাহবাগে গিয়ে অবস্থান নিয়েছে।
এসময় শিক্ষার্থীদের ‘ভুয়া’ ‘ভুয়া’ বলে স্লোগান দিতে দেখা যায়। আগের যেকোন দিনের চেয়ে পুলিশের শক্ত অবস্থান থাকলেওে এখন পর্যন্ত নমনীয় ভূমিকা পালন করছে পুলিশ।
দেখা গেছে: শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে অবস্থান নেওয়ার পর থেকে রাস্তায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। শাহবাগ থেকে এলিফ্যান্ট রোডগামী, বাংলা মোটরগামী, মৎস্য ভবনগামী ও টিএসসিগামী রাস্তায় যানচলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।
অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে অবস্থান নিয়েছে ছাত্রলীগ। কেন্দ্রীয় ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানে জড়ো হয়েছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ জানান: আমাদের দাবি নির্বাহী বিভাগের কাছে, আদালতের কাছে নয়। আমরা ব্লকেড কর্মসূচি শুরু করব। পুলিশ প্রশাসন আমাদের সহযোগিতা করবে বলে আশা করি।
অন্যদিকে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, ‘ছাত্রসমাজকে জিম্মি ও জনদুর্ভোগ তৈরি করা হলে ছাত্রলীগ রুখে দাঁড়াবে।
শিক্ষাপ্রতিষ্ঠানের একাডেমিক পরিবেশ অব্যাহত রাখা, জনদুর্ভোগ তৈরি না করে ক্লাস-পরীক্ষায় ফিরে আসা এবং কোটা ইস্যুর যৌক্তিক, অন্তর্ভুক্তিমূলক ও ইতিবাচক সমাধানের দাবিতে বেলা ২টা ৩০ মিনিটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার কথা ছিল ছাত্রলীগের। সেটিও তারা শুরু করেনি। বৃষ্টির কারণে কর্মসূচি শুরু করতে বিলম্ব হচ্ছে বলে জানিয়েছে ছাত্রলীগের শীর্ষ নেতারা।







