বাংলাদেশ

কোটা আন্দোলন সহিংসতায় নিহতের সংখ্যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী কোটা আন্দোলনে নিহতের সংখ্যা সম্পর্কে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বরাষ্ট্রমন্ত্রী কোটা আন্দোলনে নিহতের সংখ্যা জানাতে সাংবাদিকদের সাথে আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সাম্প্রতিক সহিংসতায় এ পর্যন্ত ১৪৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

এর মধ্যে পুলিশ, আওয়ামী লীগের নেতাকর্মী, শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ রয়েছে বলেও জানান মন্ত্রী।

আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

মন্ত্রী বলেন, ‘কখনও বলা হচ্ছে সহিংসতায় ৫০০ জনের মৃত্যু হয়েছে। আসলে মৃত্যু নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। সহিংসতায় এখন পর্যন্ত ১৪৭ জনের মৃত্যু হয়েছে। হাসপাতাল সূত্রসহ বিভিন্নভাবে এই তথ্য জানা গেছে।’

সহিংসতায় কতজন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে জানতে চাইলে তিনি বলেন: ছাত্র কতজন, এখনও বিস্তারিত জানা যায়নি। আরও যাচাই করে তথ্য জানানো হবে। মৃতের সংখ্যা নির্ণয়ে আরও অনুসন্ধান চলছে। নিহতদের মধ্যে কতজন নারী, কতজন পুরুষ কিংবা কোন পেশার মানুষ কতজন- সেটি নির্ধারণের কার্যক্রমও চলছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ডিবি হেফাজতে নেয়ার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন: আন্দোলনকারী শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ছিলেন, সেটি তারা জানিয়েছিলেন। এ কারণে তাদের নিরাপত্তার জন্যই হেফাজতে নেয়া হয়েছে। পুলিশ যদি মনে করে তারা ঝুঁকিমুক্ত তাহলে তখনই তাদের ছেড়ে দেওয়া হবে। আমরা তাদের গ্রেপ্তার করিনি।

নিরাপত্তা ঝুঁকিমুক্ত হওয়ার পরেই তাদের ফিরিয়ে দেয়ার কথা চিন্তা করা হবে, বলেন তিনি।

বিষয়:আসাদুজ্জামান খান স্বরাষ্ট্রমন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…