মোশাররফ হোসেন: কুয়েতে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণ করেছেন মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন।
সোমবার (৮ জুলাই) সকালে নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাথে দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রদূত কুয়েতে অবস্থানরত বাংলাদেশ প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন।
প্রথমেই তিনি কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হওয়ায় রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। মতবিনিময় কালে তিনি কুয়েতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের সামগ্রিক কল্যাণে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়াও তিনি দূতাবাসের কনস্যুলার সেবার মানকে আরও সহজ এবং আধুনিকীকরণ করা এবং দূতাবাসকে প্রবাসীবান্ধব হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। এ প্রেক্ষিতে তিনি প্রবাসীদের কাছে কনসুল্যার সেবা পৌঁছে দিতে কুয়েতের বিভিন্ন স্থানে ভ্রাম্যমান কনস্যুলার সেবা চালু করার কথা বলেন। তার দায়িত্বপালনকালে কুয়েতের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে কাজ করার লক্ষ্যে উভয় দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ বৃদ্ধি ও উচ্চ পর্যায়ের সফরের উপর গুরুত্বারোপ করেন।
রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন কুয়েতের স্বাস্থ্য, প্রযুক্তি, প্রকৌশল এবং অন্যান্য সম্ভাবনাময় খাতে আরও বেশি সংখ্যক দক্ষ বাংলাদেশি জনবল নেয়ার বিষয়ে প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি কুয়েতের সাথে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং নতুন ক্ষেত্র তৈরির জন্য কাজ করবেন বলে প্রত্যাশা জানিয়েছেন।







