থাইল্যান্ডে যমজ হাতি জন্মের বিরল ঘটনা ঘটেছে। ঘটনাটি বিস্ময়কর বলেছেন দেশটির আয়ুথায় এলিফ্যান্ট পার্ক কর্তৃপক্ষ।
বিবিসি জানিয়েছে, থাইল্যান্ডের আয়ুথায় এলিফ্যান্ট পার্ক এবং রয়াল ক্রালে চামচুরি নামের ৩৬ বছর বয়সী একটি মাদি হাতি একই দিনে প্রথমে একটি পুরুষ শাবক ও পরে একটি মেয়ে শাবকের জন্ম দিয়েছে।
প্রথম শাবকটি তুলে নেওয়ার সময় কর্মীরা হঠাৎ কিছু একটা পড়ার শব্দ শুনতে পান। দ্বিতীয় শাবকের জন্মের পরপরই মা হাতিটি আতঙ্কিত হয়ে ওঠে।
মা যেন শাবকটিকে পায়ের চাপে মেরে না ফেলে তা নিশ্চিত করতে কয়েকজন কর্মী ছুটে গেলে তাদের একজন আহত হন।
সেভ দ্য এলিফ্যান্টের তথ্যমতে, মাত্র ১ শতাংশ হাতির যমজ সন্তান জন্মের ঘটনা ঘটে। আর একসঙ্গে পুরুষ ও মেয়ে শাবক জন্ম দেওয়ার ঘটনা আরও বিরল।







