চ্যানেল আইয়ের জনপ্রিয় অনুষ্ঠান আজকের সংবাদপত্রে যোগ দিয়ে ২০২৫ সালের মধ্যে জাতীয় নির্বাচন করা সম্ভব হবে বলে মন্তব্য করার পর আজ ওই মন্তব্যের ব্যাখা দিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
শনিবার দুপুরে ফেসবুক পোস্টে তিনি বলেন, সম্প্রতি একটি টিভি আলোচনায় আমি বলেছি নির্বাচন হয়তো আগামী বছরের মধ্যে সম্ভব হতে পারে, তবে এক্ষেত্রে অনেকগুলো ফ্যাক্টর রয়েছে।
আইন উপদেষ্টা বলেন, সেখানে এসব ফ্যাক্টর পুরোপুরি ব্যাখা করার সুযোগ পাইনি। কিন্তু আমাদের সরকারের কথা থেকে সবাই বুঝবেন যে নির্বাচনের জন্য সংস্কার ও রাজনৈতিক সমঝোতার কথা বলা হয়। এগুলোই সেই ফ্যাক্টর।
তিনি বলেন, সংস্কারের কথা আমিও অনুষ্ঠানে বলেছি। আরও কিছু ফ্যাক্টর আমি অনুষ্ঠানটিতে ব্যাখা করেছি, যেমন: সার্চ কমিটি ও নির্বাচন কমিশন গঠন, ভোটার তালিকা প্রনয়ণ ইত্যাদি।
তিনি আরও বলেন, এসব ফ্যাক্টর ঠিক থাকলে নির্বাচন হয়তো হতে পারে আগামী বছর। বলেছি এটাও আমার প্রাথমিক অনুমান। এই শর্তভিত্তিক ধারনা ও অনুমানকে কিছু গনমাধ্যম নির্বাচনের ঘোষনা হিসেবে দেখাচ্ছেন।
ডক্টর আসিফ নজরুল বলেন, বিনয়ের সাথে বলছি, এটা সঠিক নয়। নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ পলিসি ডিসিশন। এর সময় সরকারের প্রধান উপদেষ্টার নেতৃত্বে ঠিক হবে। তিনিই একমাত্র এটা ঘোষণার এখতিয়ার রাখেন।








