মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি বলেছেন, নারী ও শিশুদের বিষয়টি সরকারের অন্যতম অগ্রাধিকার। নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে আমরা কাজ করবো।
রোববার ১৪ জানুয়ারি বেলা সাড়ে ১১টায় সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সিমিন হোসেন রিমি বলেন, সভ্যতার দুটি হাত, একটি পুরুষ অন্যটি নারী। কাউকে পেছনে ফেলে কোনোটাই অগ্রসর হয় না। নারী ও শিশু মন্ত্রণালয়ের মাধ্যমে যে কাজগুলো আছে সেগুলো এগিয়ে নিয়ে যাবো। আমি নারী ও শিশু নিয়ে অনেক আগে থেকেই কাজ করি। সেজন্য আমার খুবই ভালো লাগার জায়গা এটি।
প্রতিমন্ত্রী বলেন, কর্মপরিকল্পনা থাকবে। কিন্তু সেটি ১০০ দিন বা সেরকম কিছু না। কারণ, এটি চলমান একটি কাজ। সেহেতু সেভাবেই আমরা কাজগুলো এগিয়ে নিয়ে যাব।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর প্রধামন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করে বাংলাদেশ আওয়ামী লীগ। নতুন সরকারের মন্ত্রিসভার মন্ত্রীরা আজ রোববার নিজ মন্ত্রণালয়ে কাজে যোগ দেন।








