বাংলাদেশ

নাইকো দুর্নীতি: খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৯ ফেব্রুয়ারি

ঢাকা কেন্দ্রীয় কারাগার, বাংলাদেশের বৃহত্তম কারাগার. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা কেন্দ্রীয় কারাগার, বাংলাদেশের বৃহত্তম কারাগার, ভবন ও প্রাঙ্গণ দেখানো হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামি ১৯ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থাপিত ঢাকা-৯ (অস্থায়ী) বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান আজ মঙ্গলবার এ দিন ধার্য করেন। এদিন খালেদার পক্ষে আইনজীবী হাজিরা দেন। এরপর খালেদা জিয়ার আইনজীবী এ জে মোহাম্মদ আলী তার অব্যাহতি চেয়ে শুনানি করেন। এদিন শুনানি শেষ না হওয়ায় আগামি ১৯ ফেব্রুয়ারি সর্বশেষ বারের মতো শুনানির জন্য দিন ধার্য করেন আদালত। এরআগে দুদক আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করতে শুনানি শেষ করে।

খালেদা জিয়ার আইনজীবী জিয়া উদ্দিন জিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে ২০০৭ সালের ৯ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারি পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম তেজগাঁও থানায় খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে এ মামলা করেন।

২০১৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এতে তাদের বিরুদ্ধে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকা আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়।

মামলার অপর আসামিরা হলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ (প্রয়াত), সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন (প্রয়াত), সেসময়ের প্রধানমন্ত্রীর মুখ্যসচিব কামাল উদ্দিন সিদ্দিকী, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারি সচিব সি এম ইউছুফ হোসাইন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, বাপেক্সের সাবেক সচিব মো. শফিউর রহমান, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন, ইন্টারন্যাশনাল ট্রাভেল কর্পোরেশনের চেয়ারম্যান সেলিম ভূঁইয়া ও নাইকোর দক্ষিণ এশিয়া-বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ।

বিষয়:খালেদা জিয়া নাইকো দুর্নীতি মামলা বিএনপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…