অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, প্রায় ১ লাখের বেশি তরুণকে আনসারে যুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। ৬১ লাখ আনসার ভিডিপি সদস্যদের ডেটাবেজের মধ্যে আনার জন্য কাজ চলছে।
বুধবার (১৫ জানুয়ারি) বেলা ১১টায় আনসার ও ভিডিপি সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘জুলাই অভ্যুথানে পুলিশ, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর যেসব সদস্যের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ রয়েছে, ভিডিও ফুটেজে দেখে তাদের গ্রেপ্তার করা হচ্ছে।’
বিতর্কিত ভূমিকার পরও অনেক পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি, প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মতিউর, ছাগল মতিউরকে কিন্তু আজকে ধরা হয়েছে। তাকেও এতোদিন ধরা যায়নি। অন্যদেরও ধরা হবে, আইনের আওতায় আনা হবে। সব তো একদিনে ধরা যায় না, অনেকে তো লুকিয়ে আছে, তাদের খুঁজে খুঁজে একে একে সবাইকে ধরা হবে।’
সাংবাদিকদের ধন্যবাদ দিয়ে তিনি বলেন, পার্শ্ববর্তী দেশের অপপ্রচারের বিরুদ্ধে আপনারা সঠিক স্বচ্ছ সাংবাদিকতা করেছেন। তবে অনুসন্ধানি সাংবাদিকতা আরও বাড়ানোর অনুরোধ জানান তিনি।








