কানাডায় টরন্টোর মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত শাহরিয়ার খান ও আরিয়ান দীপ্তর নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। এর আগে রোববার সন্ধ্যায় ইটোবিকোকের ১২১ সিটি ভিউ ড্রাইভে অবস্থিত লোটাস ফিউনারেল এন্ড ক্রিমেশন সেন্টারে এঞ্জেলা বারৈর শেষ দর্শন সম্পন্ন হয়।
সোমবার (২০ ফেব্রুয়ারি) বাদ জোহর স্কারবোরোর ১ স্টামফোর্ড স্কয়ার নর্থে অবস্থিত মসজিদ আল আবেদীনে নিহত শাহরিয়ার খান ও আরিয়ান দীপ্তর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
নামাজে জানাজায় শাহরিয়ার ও দীপ্তর কলেজের বন্ধু বান্ধব ও কলেজের ডীন, কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ, এমপিপি ডলি বেগমসহ প্রায় ১২ থেকে ১৫ শ’ লোকের সমাগম হয়েছিল। টরোন্টো ছাড়াও দূরদূরান্ত থেকে অনেকেই জমায়েত হয়েছিল জানাজায়।
অন্যদিকে জনপ্রিয় কন্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ এর ছেলে নিবিড় কুমার দে এখনও হাসপাতালে ভর্তি রয়েছে। টরোন্টো এর সেন্ট মাইকেল হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। চিকিৎসকরা তার শরীরের বিভিন্ন অংশ ক্যামেরার মাধ্যমে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন। কুমার বিশ্বজিৎ এর দম্পতি বর্তমানে টরোন্টোতে অবস্থান করছেন।
দুর্ঘটনায় অকালে তিনটি প্রাণ ঝড়ে যাওয়ায় আর একজন প্রাণ বাঁচানোর তীব্র লড়াইয়ে থাকার ঘটনায় কেবল কানাডাই নয়, সারাবিশ্বের বাংলাদেশিদের মধ্যে শোক বিরাজ করেছে।







